বাড়ি ফিরেছে পরিবারটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের ভয়ে বাড়িছাড়া বগুড়া সদরের গোকুল মধ্যপাড়ার এসএসসি পরীক্ষার্থী কিশোরীর পরিবার বাড়িতে ফিরেছে। বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গত রোববার সন্ধ্যায় ওই কিশোরীসহ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাড়িতে তুলে দেন। পুলিশ সুপার এ সময় পরিবারটিকে নিরাপত্তা দিতে সার্বক্ষণিক পুলিশি টহল নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। সকালে পুলিশি প্রহরায় ওই কিশোরী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
এদিকে ওই কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে। কিশোরীর চাচা বগুড়া সদর থানায় আতিকুল ইসলাম ওরফে আকুল ও তাঁর সহযোগী রাব্বি মিয়াসহ আটজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার পরপরই পুলিশ রাতেই আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। তবে মূল নায়কদের ধরতে না পারলেও তাঁদের সহযোগী জিএম, সনি, রাব্বির বোন সোহাগী ও ভগ্নিপতি আতিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, চারজনই এজাহারভুক্ত আসামি।
গোকুল তমিরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সোবাহান বলেন, বাড়ি ফেরার পর ওই কিশোরী সোমবার পুলিশি নিরাপত্তায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
এসএসসি পরীক্ষার্থী ওই কিশোরী ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া তার ফুফাতো বোনকে বিয়ে করতে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন আতিকুল ও রাব্বি। দুই কিশোরীসহ পরিবার পালিয়ে রক্ষা পেলেও ওই দুজন ও তাঁদের সহযোগীরা বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তিন সপ্তাহ ধরে পরিবারের সঙ্গে বাড়িছাড়া কিশোরীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত হওয়ায় সোমবার প্রথম আলোয় ‘কিশোরীর পরিবার বাড়িছাড়া’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি জানার পর তাৎক্ষণিক নিজেই গিয়ে পরিবারটিকে বাড়িতে তুলে দিয়েছি। সেখানে পুলিশি টহল জোরদারের পাশাপাশি ওই কিশোরীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।’