বাড়ি ফেরা হলো না মায়ফুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে সন্দ্বীপে সন্তান ও পরিবারের কাছে ফিরতে চেয়েছিলেন শিক্ষিকা মায়ফুল বেগম। কিন্তু ‘টানা পার্টি’ রিকশা থেকে ব্যাগ টেনে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ছিটকে পড়েন তিনি। মাথায় আঘাত পেয়ে আট দিন অচেতন থাকার পর গতকাল শুক্রবার মারা যান।
স্ত্রীর জ্ঞান ফেরার অপেক্ষায় টানা আট দিন স্বামী রফিকুল মাওলার দিন কেটেছে হাসপাতালের বারান্দায়। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমাদের তিন সন্তানের বড়টির বয়স ১৪, ছোটটির চার। এত দিন তাদের কিছুই জানাইনি। এখন কীভাবে বলব, তাঁদের মা আর বেঁচে নেই।’
মায়ফুলের পরিবার জানায়, তিনি সন্দ্বীপ উপজেলার দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। গত বছরের জুলাইতে চট্টগ্রামের পটিয়ায় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে এক বছরের প্রশিক্ষণ নিতে আসেন। এই জুনেই প্রশিক্ষণ শেষ হওয়ার কথা। ছুটি পেয়ে সন্দ্বীপের মগধারা ইউনিয়নে পরিবারের কাছে ফেরার জন্য পটিয়া থেকে গত ২১ মে সন্ধ্যায় চট্টগ্রাম নগরের হালিশহরে ছোট বোনের বাসায় আসেন। সেখানে রাত কাটিয়ে পরদিন সকাল সোয়া আটটায় ছোট ভাই সাইফুল আজমকে নিয়ে সন্দ্বীপের উদ্দেশে বাসা থেকে বের হন। নয়াবাজার বিশ্বরোড এলাকায় দুই যুবক রিকশায় থাকা মায়ফুলের হাতব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় চলন্ত রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন তিনি।
মায়ফুলের ছোট ভাই সাইফুল আজম জানান, একজন পথচারীর সহায়তায় বোনকে তিনি একটি ক্লিনিকে নিয়ে যান। পরে ক্লিনিকের চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে মা ও শিশু হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
মা ও শিশু হাসপাতালের আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্রের) ইনচার্জ অলক নন্দী জানান, ‘মায়ফুলের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। শুক্রবার ভোরে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
ঘটনার সাত দিন পর গত বৃহস্পতিবার বিকেলে পাহাড়তলী থানায় মায়ফুল বেগমের চাচা কাজী ফসিউল আলম বাদী হয়ে মামলা করেছেন। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।