বাড়িঘর পুড়িয়ে দিয়ে জমি দখলের অভিযোগ
জামালপুরের সরিষাবাড়ীতে এক সংখ্যালঘু পরিবারের বাড়িঘর পুড়িয়ে দিয়ে আবদুল জলিল নামের স্থানীয় এক প্রভাবশালী তাঁদের জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাড়িঘর হারিয়ে সংখ্যালঘু পরিবারটি গত ৪৪ দিন ধরে মানবেতর জীবনযাপন করছে।
সংখ্যালঘু পরিবারটির অভিযোগ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় পৌরসভার বাউসী বাঙ্গালী এলাকার অমূল্য চন্দ্র শীল বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন।
দেশ স্বাধীন হওয়ার পর ফিরে এসে দেখেন আবদুল জলিল সেগুলো দখল করে নিয়েছেন। তখন থেকে আবদুল জলিলের সঙ্গে দুই একর ১৩ শতক জমি নিয়ে অমূল্য চন্দ্র ও তাঁর ছেলেদের বিরোধ শুরু। ১৯৮০ সালে অমূল চন্দ্র মারা যান।
২০১৩ সালে বকুল চন্দ্রের করা মামলায় পাঁচ দিন কারাভোগের পর আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন আবদুল জলিল। অবশেষে গত অক্টোবরে মৃত অমূল্য শীলের ছেলেরা জমির দখল নিয়ে সেখানে বসবাস শুরু করেন।
বাউসী বাঙ্গালী এলাকার মাতব্বর তোষর মণ্ডল (৬৫) বলেন, উত্তরাধিকার সূত্রে এই জমি মৃত অমূল্য চন্দ্রের ছেলেমেয়েদের। গত অক্টোবরে তাঁরা যখন জমির দখল নেন তখন দুই পক্ষের সংঘর্ষও হয়।
অমূল্য চন্দ্রের ছেলে বকুল চন্দ্র শীল (৩২) বলেন, গত ১৩ অক্টোবর গভীর রাতে আবদুল জলিলের ভাড়াটে সন্ত্রাসীরা তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেই সঙ্গে প্রতিমা ঘরসহ বিভিন্ন ঘরে ভাঙচুর চালিয়ে বাড়ির নারীদের গায়ের গয়না লুট করে।
এরপর থেকেই আবদুল জলিলের লোকজন ওই জমিসহ ভিটাবাড়ি দখল করে বসবাস করছে। গত ১৬ অক্টোবর অমূল্য চন্দ্রের আরেক মেয়ে পুষ্প রানী শীল আবদুল জলিলকে প্রধান করে ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন।
বাড়িঘর না থাকায় বকুল চন্দ্র ছয় সদস্যের পরিবার নিয়ে ৪৪ দিন ধরে কখনো অন্যের বাড়ি, কখনো গাছতলায় মানবেতর জীবনযাপন করছেন।
কুলবালা শীল (৬০) বলেন, ‘আমাগো অহন পরের জায়গায় থাকন লাগে। বাড়ি বাড়ি ঘুইরা কেমনে থাকি।’
আবদুল জলিল দাবি করেন, ‘আমাদের জমি আমরা দখল নিছি। ওরাই আমাগো জমি দখল করে নিছিল।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বলেন, এ ব্যাপারে আদালতে মামলা হয়েছে। বিষয়টি আদালত দেখবেন।