কুমিল্লার আদর্শ সদর উপজেলায় গতকাল শুক্রবার ভোরে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে আততায়ীরা। এলোপাতাড়ি গুলিতে আরও তিনজন গুলিবিদ্ধ হন। ইউপি নির্বাচন নিয়ে বিরোধের সূত্র ধরে এ হামলা চালানো হয়েছে বলে অনুমান করছে পুলিশ ও পরিবারের লোকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াপাড়া গ্রামে সাইফুল ইসলামের বাড়িতে গতকাল ভোর সাড়ে পাঁচটায় সশস্ত্র হামলা চালান একদল লোক। পরিবারের লোকজনের অভিযোগ, সদ্য নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোহাম্মদ সেলিম মিয়া, তাঁর ছেলে মো. রাসেল, ভাতিজা আরিফ হোসেনসহ ১০ থেকে ১২ জন এই হামলায় অংশ নেন।
অভিযুক্ত ব্যক্তিরা গা ঢাকা দিয়েছেন।
পুলিশ জানায়, ওই হামলায় ব্যবসায়ী সাইফুল ইসলামের বুকে গুলি লাগে। এ সময় ঘুমন্ত মোহাম্মদ রিপনের হাতে গুলি লাগে। তিনি সাইফুলের দোকানের কর্মচারী। িচৎকার ও গুলির আওয়াজ শুনে সাইফুলের ভাতিজা ফাহিম আহমেদ রিফাত ছুটে এলে বাড়ির উঠানে তাঁর মাথায় গুলি করেন হামলাকারীরা। এ সময় সাহায্যের জন্য এগিয়ে আসছিলেন সাইফুলের বন্ধু ও প্রতিবেশী ডেকোরেটর ব্যবসায়ী এ কে এম রকিব উদ্দিন। তাঁকে মাথায় গুলি করে হত্যা করেন হামলাকারীরা। সাইফুল ও রিপন এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত রিফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ইউপি সদস্য সেলিমের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।
নিহত রকিব উদ্দিনের ভাই এ কে এম রাশেদ মাসুম বলেন, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রকিব উদ্দিন ও সাইফুল কাজ করেন সদস্য পদপ্রার্থী বাবুল আহম্মেদের পক্ষে। এতে ক্ষুব্ধ হন সেলিম ও তাঁর অনুসারীরা।
মনোহরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা :কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমকে (৩৩) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাতাবাড়িয়া গ্রামে গতকাল সকাল সাড়ে নয়টায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জাহাঙ্গীর আলমের ভাই আলমগীর হোসেন মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মনোহরগঞ্জ থানার ওসি বিপুল ভট্ট বলেন, হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য মেলেনি। ময়নাতদন্তের জন্য লাশ আজ শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।