মমতাজ বেগম থাকেন রাজশাহী নগরের অলকার মোড় এলাকায়। গত ২ অক্টোবর বাড়িতে একাই ছিলেন। সন্ধ্যায় বাড়িতে তালা লাগিয়ে একটু হাঁটতে বের হন। ফিরে এসে দেখেন বাইরের দরজায় তালা নেই। ভেতরে দরজাও খোলা। ভাবেন, ছেলেটা বোধ হয় ফিরে এসেছে। কিন্তু ঘরে ঢুকে দেখেন কেউ নেই। ভেতরের জিনিসপত্র সব তছনছ করা। বুঝতে পারেন ভর সন্ধ্যায় তাঁর বাড়িটি চুরি হয়ে গেল।
রাজশাহীতে ইদানীং এভাবেই বাড়িতে মানুষ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটছে। চলতি মাসে নগরের বোয়ালিয়া মডেল থানাতেই চারটি চুরির মামলা হয়েছে। রাজপাড়া থানায় হয়েছে আরও একটি মামলা। ছোটখাটো চুরির আরও বেশ কয়েকটি ঘটনায় কোনো মামলা হয়নি।
মমতাজ বেগম বলেন, অল্প সময়ের মধ্যে চোর এসে কীভাবে তাঁর বাড়ির সব জিনিসপত্র তছনছ করে গেল তিনি ভাবতেই পারছেন না। তাঁর বাড়ি থেকে চোর ১০ ভরি ওজনের স্বর্ণালংকার, একটি কম্পিউটার, থালাবাসন ও নগদ ৩০-৪০ হাজার টাকাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে। বিষয়টি প্রতিবেশীরা কেউ বুঝতে পারেনি। মমতাজ বেগম পরের দিন নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা দিয়েছেন। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
একইভাবে গত শুক্রবার চুরি হয়েছে নগরের বহরমপুর এলাকায়। কেউ বাড়িতে না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরের দল বাড়িতে ঢুকে ৩২ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ টাকাপয়সা নিয়ে গেছে। এ ঘটনায় বাড়ির মালিক তাহসেন আলী নগরের রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, ওই চক্রের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। একজনকে ধরতে পারলেই চক্রের সব সদস্যকে গ্রেপ্তার করা যাবে।
তবে রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় চোর সন্দেহে তাঁরা দুজনকে ধরে এনেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করছেন।