বাড়ির ছাদে মিলল ককটেল, গুলি পেট্রলবোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি পেট্রলবোমা, আটটি ককটেল, একটি সময়নিয়ন্ত্রিত বোমাসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
গতকাল শুক্রবার ভোরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছাদেকনগর গ্রামের একটি বাড়ির ছাদ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ এসব উদ্ধার করে।
দ্বিতল ওই বাড়িতে পরিবার নিয়ে থাকেন প্রাইভেট কারচালক দিদারুল আলম। তিনি জানান, শত্রুতাবশত কেউ এ কাজ করতে পারে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর সাড়ে চারটায় দিদারুল আলমের বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় সময়নিয়ন্ত্রিত বোমা, ককটেল, পেট্রলবোমা, পাঁচটি গুলি, ছোরা ও একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়। এগুলো ছাদের ওপর পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।