বাড়ির জন্য ভাইয়ের হাতে ভাইবোন খুন?
বাড়ির মালিকানার জন্য বড় দুই ভাইবোনকে ছোট ভাই খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাতে রাজশাহী নগরে এ ঘটনা ঘটে। ছোট ভাইয়ের হামলায় পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ভাইয়ের নাম সাদিকুল ইসলাম (৪৮) ও বোনের নাম আক্তার জাহান ওরফে কল্পনা (৪৫)। অভিযুক্ত ছোট ভাই তরিকুল ইসলাম (৪২)। তাঁদের বাড়ি নগরের কাদিরগঞ্জ এলাকায়।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা হলেন তরিকুলের ভাই মনিরুল ইসলাম (৫০), মনিরুলের ছেলে নিয়ামতুল্লাহ (২৩), মেয়ে উম্মে কুলসুম (২৪) ও বোন জাহানারা বেগম (৪৫)।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত সাদিকুল বাড়ির বারান্দায় ঘুমিয়েছিলেন। রাত সাড়ে তিনটার দিকে তরিকুল বাইরে থেকে সব ঘরের ছিটকিনি লাগিয়ে দেন। চাকু ও শাবল দিয়ে সাদিকুলকে কুপিয়ে হত্যা করেন। এরপর একটি করে ঘরের ছিটকিনি খুলে দেন। ঘরের ভেতর থেকে যে বের হন, তাঁকেই কুপিয়ে জখম করতে থাকেন। এভাবে পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। এতে তিনি নিজেও আহত হন। বুঝতে পেরে প্রতিবেশীরা গিয়ে তরিকুলকে ধরে ফেলেন।
নিহত সাদিকুলের ছেলে ইউসুব আলী বলেন, তাঁর বাবা সাদিকুল বাড়ির বারান্দায় ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে বাড়ির সব ঘরের দরজার ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে দিয়ে চাচা তরিকুল তাঁর ঘুমন্ত বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।
নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তোবারক হোসেন বলেন, নিহত সাদিকুল ইসলাম ও তাঁর দুই ভাই, এক বোন ওই বাড়িতে থাকেন। তরিকুল ইসলাম গোপনে বাড়িটি নিজের নামে লিখে নেন। সম্প্রতি পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর ওই দলিল বাতিল ও ছেলেমেয়ের মধ্যে ভাগ-বাঁটোয়ারার জন্য আদালতে মামলা করেছিলেন সাদিকুল। পরে ওই বাড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়ে বাড়িতে নোটিশ ঝুলিয়ে দেন আদালত।
হাসপাতালে চিকিৎসাধীন তরিকুলের দাবি, তাঁর মাকে একরকম ফাঁদে ফেলে প্রতারণার আশ্রয় নিয়ে তাঁর ভাইবোনেরা বাড়িটি লিখে নেন। তখন তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বাড়ি এসে দেখেন, মা এ নিয়ে কান্নাকাটি করছেন। তিনি মাকে আইনের আশ্রয় নিয়ে দলিল বাতিল করার পরামর্শ দেন। মা তা-ই করেন। ২০১১ সালের ৩১ জুলাই মা তাঁকে (তরিকুল) বাড়িটি রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে ভাইবোনদের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। তাঁর ওপর চরম অত্যাচার করতে থাকেন ভাইবোনেরা। তাঁর নামে মাদক, জমিজমা, বিদ্যুৎ চুরিসহ বিভিন্ন ধরনের মামলা করে তাঁকে হয়রানি করতে থাকেন। বর্তমানে তাঁর নামে ১০-১২টি মিথ্যা মামলা রয়েছে।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ওই ঘটনায় ইউসুব সিজার বাদী হয়ে তরিকুলকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ তরিকুলকে গ্রেপ্তার করেছে।