বাড়ির তত্ত্বাবধায়ক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে বাড়ির মালিক বৃদ্ধা হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে পল্লবী থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় বাড়ির তত্ত্বাবধায়ক রাকিব হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পল্লবী থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নিহত বৃদ্ধা শরিফুননেছার ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। এজাহারে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।
পল্লবী থানার ওসি দাদন ফকির গতকাল বলেন, বাড়ির তত্ত্বাবধায়ক রাকিব হোসেনকে শরিফুননেছা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে। তিনি বলেন, হত্যার ঘটনায় আটক বাড়ির ভাড়াটে মেহেদী হাসান ও তাঁর কর্মচারী তারেক হোসেনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শরিফুননেছার হত্যার পেছনে একাধিক কারণ থাকতে পারে। তাঁর নামে ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা আছে। তা ছাড়া, সম্পত্তি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল কি না, এসব খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে গত বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে শরিফুননেছার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে রাখা হয়েছে।
শরিফুননেছার ছোট ছেলে রফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, দেশের বাইরে থাকা তাঁর বড় ভাই ও আরেক বোন আজ ও কাল দেশে ফিরবেন। এরপর রোববার মায়ের লাশ মিরপুর ১০ নম্বর সেকশনের এ ব্লকের ৫ নম্বর অ্যাভিনিউতে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি বলেন, কারা কেন তাঁর মাকে হত্যা করেছে, এখনো কিছু বুঝে উঠতে পারছেন না।
তবে পুলিশ জানায়, বাড়ির তত্ত্বাবধায়ক রাকিব হোসেন এখনো ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেননি। অন্য যে দুজনকে আটক করা হয়েছিল, তাঁরাও কিছু দেখেননি বলে জানিয়েছেন। রাকিব হোসেন পুলিশকে জানান, বুধবার রাতে তিনি ওই বাসায় গিয়েছিলেন। এরপর চলে আসেন। কিন্তু তারপর আর কেউ সেখানে গেছেন কি না তা তিনি জানেন না। তিনি কাউকে বাসায় উঠতেও দেখেননি। কিন্তু পুলিশ মনে করছে, রাকিব হোসেন নিজে ঘটনার সঙ্গে যুক্ত না থাকলেও খুনিকে তিনি দেখে থাকতে পারেন। গত বুধবার রাতে মিরপুর ১০ নম্বর সেকশনের এ ব্লকের ১ নম্বর অ্যাভিনিউয়ের নিজ বাড়িতে শরিফুননেছাকে (৭৮) গলা কেটে হত্যা করা হয়। ওই বাসায় শরিফুননেছার সঙ্গে তাঁর ছোট ছেলে রফিকুল ও তাঁর স্ত্রী থাকলেও বাইরে ছিলেন।