বাড়ির মালিককে হত্যা, কোম্পানির টাকা লুট
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাড়ির মালিককে শ্বাসরোধ করে টোব্যাকো কোম্পানির নগদ টাকা ও সিগারেট লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
নিহত ওই ব্যক্তির নাম রইচ উদ্দীন (৭৫)। তিনি উপজেলা সদরের টিঅ্যান্ডটি এলাকার বাসিন্দা।
পাঁচবিবি থানার পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, টিঅ্যান্ডটি এলাকায় রইচ উদ্দীনের তিনতলা একটি বাড়ি রয়েছে। বাড়ির নিচতলার একটি কক্ষে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির গুদাম রয়েছে। পাশের আরেকটি কক্ষে এক মাস আগে ট্যাক্সিচালক পরিচয়ে এক ব্যক্তি একটি কক্ষ ভাড়া নেন। গত শনিবার রাতে দুর্বৃত্তরা হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে রইচ উদ্দীনকে শ্বাসরোধ করে হত্যা করে টোব্যাকো কোম্পানির ৩৫ হাজার ৩৭০ টাকা ও সিগারেট লুট করেছে। ঘটনার পর থেকেই ওই ট্যাক্সিচালক পলাতক রয়েছেন। ওই ট্যাক্সিচালকসহ কয়েকজন দুর্বৃত্ত এ হত্যাকাণ্ড ঘটিয়ে টাকা লুট করে পালিয়েছে বলে পুলিশ ধারণা করছে।
রইচ উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম ও ভাগনে মো. রেজুয়ান গতকাল হাসপাতাল মর্গে জানান, এক মাস আগে ট্যাক্সিচালক পরিচয় দিয়ে একজন নিচতলার কক্ষ ভাড়া নেন। তবে তাঁর নাম-পরিচয় জানা নেই। শনিবার রাতে রইচ উদ্দীন নিচতলার একটি কক্ষে ছিলেন। নির্বিঘ্নে কোম্পানির টাকাপয়সা ও সিগারেট লুট করতে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নগদ অর্থ ও সিগারেটসহ প্রায় ৬২ হাজার টাকার মালামাল লুট হয়েছে বলে কোম্পানির লোকজন জানিয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।