বাড্ডায় অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগে একজন গ্রেপ্তার
বাড্ডার আফতাবনগর এলাকা থেকে তারেক আহম্মেদ ওরফে অনিক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাব-১-এর সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে গুলিভর্তি পিস্তল উদ্ধার করা হয়।
র্যাব-১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান। মানারাত স্কুল থেকে পাস করে তিনি ডিস্ক জকির কাজ করতেন। একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন এবং পরে মাদক কেনাবেচায় জড়িত হন। সেখান থেকে অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গেও সম্পর্ক তৈরি হয় তাঁর। রাজশাহী থেকে চোরাই পথে তারেক অবৈধ অস্ত্র ও গোলাবারুদ এনে ঢাকার ভেতরে বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন।
এর আগে গত বছরের ৪ ডিসেম্বর র্যাব-১ আশুলিয়া ল্যান্ডিং ব্রিজের সামনে থেকে চারটি বিদেশি পিস্তল, ৩৮টি গুলি, ৮টি ম্যাগাজিন, ১টি টাটা পিকআপ ও ১টি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করে। সে সময় তারেক আহম্মেদ ওরফে অনিক পালিয়ে যান। মেজর ইশতিয়াক আহমেদের নেতৃত্বে গত বুধবার র্যাব-১-এর একটি আভিযানিক দল বাড্ডার আফতাবনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তারেককে অস্ত্রসহ গ্রেপ্তার করে।