বাড্ডা এলাকা থেকে গতকাল সোমবার মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁরা হলেন শিলা (৩৩), বাদশা (৩৫) ও জাকির (৩৫)। এ সময় তাঁদের কাছ থেকে ১০ হাজার ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ওই তিনজন বাড্ডা এলাকায় মাদক কেনাবেচা করেন বলে অভিযোগ ছিল। তথ্য যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে বাড্ডার হোসেন মার্কেট থেকে বাদশাকে আটক করা হয়। পরে বাদশার তথ্যের ভিত্তিতে অন্য দুজনকে উত্তর হাজীপাড়া থেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ হাজার ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অধিদপ্তরের সূত্রাপুর সার্কেলের পরিদর্শক হেলাল উদ্দিন ভূঁইয়া ও ধানমন্ডি সার্কেলের পরিদর্শক সুমনুর রহমান বাদী হয়ে বাড্ডা থানায় পৃথক তিনটি মামলা করেছেন।