বাড্ডায় গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে মোফাজ্জল হোসেন ওরফে রাহিন নামের ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। এ সময় তাঁর বন্ধু মনুও গুলিবিদ্ধ হন। গতকাল রোববার রাতে দক্ষিণ বাড্ডার জাগরণী ক্লাবের সামনে তাঁদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা।
নিহত মোফাজ্জল বাড্ডা থানা ছাত্রলীগের সহসভাপতি।
মোফাজ্জলের ভাই তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, মোফাজ্জল ও তাঁর বন্ধু মনু রাত সাড়ে আটটার দিকে জাগরণী ক্লাবের ভেতরে বসে ছিলেন। এ সময় সন্ত্রাসীদের একটি দল ক্লাবের ভেতরে ঢুকে খুব কাছ থেকে তাঁদের গুলি করে। তাঁরা দুজনই গুলিবিদ্ধ হন। মোফাজ্জলের মাথায় ও গলায় পাঁচটি গুলি লাগে। রাত সোয়া নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মনুকে গুরুতর আহত অবস্থায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকেরা মোফাজ্জলকে মৃত ঘোষণা করার পর তাঁর স্বজনেরা ও এলাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাঁর লাশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে তাঁদের ধ্বস্তাধ্বস্তিও হয়। এ সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাও ভাঙচুর করেন তাঁরা। একপর্যায়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজুল ইসলাম নিহত মোফাজ্জলের স্বজনদের বোঝান যে আইনি প্রক্রিয়ার জন্য ময়নাতদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। পরে তাঁর লাশ মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘রাহিন মাঝেমধ্যে ওই ক্লাবে আসা-যাওয়া করতেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’
রাহিন দক্ষিণ বাড্ডার বাসিন্দা। তিনি সাত ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট।