বাড্ডায় তরুণকে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই
রাজধানীর মধ্য বাড্ডায় গতকাল বুধবার বিকেলে শাহিন শিকদার (২৬) নামের এক তরুণকে গুলি করে তাঁর কাছ থেকে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাড্ডা থানার পুলিশ বলেছে, বিকেল চারটার দিকে চার-পাঁচজন ছিনতাইকারী মধ্য বাড্ডার ব্যাপারী টাওয়ারের কাছে শাহিন শিকদার ও তাঁর কয়েকজন আত্মীয়ের পথরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা শাহিনের হাতব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে গুলি করে এবং তাঁর হাতব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ১১ লাখ টাকা ছিল।
হাসপাতালে চিকিৎসাধীন শাহিন শিকদার প্রথম আলোকে বলেন, তিনি পটুয়াখালী থাকেন। কয়েক দিন আগে তাঁর শ্বশুরের পূর্ব বাড্ডার বাসায় আসেন। গতকাল বিকেলে তিনি তাঁর শ্বশুর, চাচাশ্বশুর ও শাশুড়ির সঙ্গে মধ্য বাড্ডার ব্যাপারী টাওয়ারের কাছে এক ব্যক্তির কাছ থেকে কেনা জমির ১১ লাখ টাকা দিতে যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে ব্যাপারী টাওয়ারের কাছে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে হাতব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে গুলি করে এবং ব্যাগে থাকা ১১ লাখ টাকা নিয়ে চলে যায়। তাঁর ডান পায়ে গুলি লেগেছে।
শাহিনের চাচাশ্বশুর মোস্তাফিজুর রহমান বলেন, ছিনতাইকারীরা শাহিনকে আহত করার পর আরও কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ভয়ে আশপাশের লোকজন পালিয়ে যায়। তখন রাস্তা ফাঁকা হয়ে গেলে ছিনতাইকারীরা নির্বিঘ্নে চলে যায়। হামলাকারীদের বয়স ২০-৩০ বছরের মধ্যে হবে।