বাড্ডায় দুর্বৃত্তদের হাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মধ্যবাড্ডায় আজ শনিবার দুপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছেন।

নিহত যুবকের নাম দুলাল মিয়া (৩০)। তিনি মধ্যবাড্ডার কুমিল্লাপাড়ার জ-৩৭/১ বিশ্বাস ভিলার চতুর্থ তলায় ভাড়া থাকতেন।
দুলাল মিয়ার পারিবারিক সূত্র জানায়, বেলা পৌনে দুইটার দিকে বিশ্বাস ভিলার সামনে দাঁড়িয়ে ছিলেন দুলাল মিয়া। এ সময় একটি মোটরসাইকেলে করে দুজন লোক এসে তাঁকে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পাশের ভবনে থাকা তাঁর স্ত্রী কাকলী আক্তার ও বাবা দেলোয়ার হোসেন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বিকেল সোয়া চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, দুলাল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুলাল মিয়ার বাবা দেলোয়ার হোসেন জানান, দুলাল কাঁচামালের ব্যবসা করতেন। ছেলের আহত হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে জানাতে পারেননি তিনি।