বাড্ডায় পোশাক কারখানা থেকে ১৫ লাখ টাকা লুট
রাজধানীর মধ্য বাড্ডায় একটি পোশাক কারখানার ভল্ট ভেঙে ১৫ লাখ টাকা লুট হয়েছে। গত রোববার রাতে শামসের রিজিয়া ফ্যাশনসে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই ভবনের তিন নিরাপত্তাকর্মীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তবে আরেক নিরাপত্তাকর্মীর কোনো খোঁজ নেই। অচেতন তিন নিরাপত্তাকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শামসের রিজিয়া ফ্যাশনস লিমিটেড নামের ওই পোশাক কারখানার কর্মকর্তারা জানান, মধ্য বাড্ডায় দশতলাজুড়ে তাঁদের পোশাক কারখানাটি। কারখানা পাহারা দেওয়ার জন্য তাঁদের নিজস্ব নিরাপত্তাকর্মী আছেন। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা ও সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা—এ দুই পালায় চারজন করে নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করেন। গতকাল সন্ধ্যা ছয়টা থেকে মোজাম্মেল, লোকাস বাড়ই, নিজাম ও বাবুল মিয়া নামের চারজন নিরাপত্তাকর্মীর দায়িত্ব শুরু হয়। আজ সকাল ছয়টার দিকে অন্য নিরাপত্তাকর্মীরা গিয়ে দেখেন মোজাম্মেল, লোকাস বাড়ই ও নিজাম কারখানার নিচে অচেতন হয়ে পড়ে আছেন। পরে দশতলায় গিয়ে দেখেন দরজার কাচ ও কারখানার চেয়ারম্যান ও দুই কর্মকর্তার কক্ষে থাকা তিনটি ভল্ট ভাঙা। সেখানে যে মোট ১৫ লাখ টাকা ছিল তা-ও নেই। পরে ওই তিন নিরাপত্তাকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁরা কিছুটা সুস্থ হলে জানান, বাবুল মিয়া তাঁদের জুস খাইয়ে অচেতন করে এ ঘটনা ঘটিয়েছেন।
কারখানার চেয়ারম্যান আজমল হোসেন প্রথম আলোকে বলেন, দশতলায় তাঁদের কার্যালয়ে প্রধান ফটকটি কাচের দরজার। এ কারণে তিন নিরাপত্তাকর্মীকে অচেতন করে সহজেই কাচ ভেঙে টাকা লুট করেছেন আরেক নিরাপত্তাকর্মী বাবুল। মাত্র এক মাস আগে বাবুল কারখানায় চাকরি নিয়েছেন। আজমল বলেন, তিনি গত ৮ নভেম্বর কারখানার শ্রমিকদের বেতন দিয়েছেন। আরও বেশ কয়েকজন শ্রমিকের ও বাড়তি কাজের বেতন দেওয়ার জন্য ওই টাকাগুলো ভল্টে রাখা হয়েছিল।