বাড্ডায় হত্যাকাণ্ডের নেপথ্যে কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় গত বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুর রহমান ওরফে গামাও (৪০) গতকাল শুক্রবার মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল তিনজনে।
বিভিন্ন সূত্র বলেছে, আধিপত্য বিস্তার নিয়ে অভ্যন্তরীণ কোন্দল, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ, গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। গতকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল নয়টার দিকে মারা যান। বৃহস্পতিবার রাতে মারা যান ঢাকা উত্তরের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শামসু মোল্লা (৫৩) ও স্থানীয় একটি হাসপাতালের সাবেক ব্যবস্থাপক ফিরোজ আহমেদ ওরফে মানিক (৪০)। এ ঘটনায় আহত অপরজন রিকশা গ্যারেজের মালিক আবদুস সালাম (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সালাম স্থানীয় যুবলীগের নেতা বলে তাঁর স্বজনেরা দাবি করেছেন।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে মধ্য বাড্ডার আদর্শনগরের একটি পানির পাম্পের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি নিয়ে আলোচনার সময় হঠাৎ তিন যুবক দৌড়ে সেখানে গিয়ে চেয়ারে বসে থাকা ওই চারজনকে গুলি করে চলে যায়। শামসু ও ফিরোজকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।


বাড্ডা থানার পুলিশের সূত্র বলেছে, আগে বাড্ডা থানা এলাকায় ঝুট ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করতেন স্থানীয় যুবলীগের নেতা বাউল সুমন। তাঁর অধীনে থাকা কয়েকটি দলের মধ্যে ঝুট ব্যবসাসহ বিভিন্ন খাতের অর্থ ভাগাভাগি হতো। ঈদুল ফিতরের কয়েক দিন আগে বাউল সুমন স্ট্রোকে মারা যান। তাঁর মৃত্যুর পর সবকিছুর নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা নিহত মাহবুবুর।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল গতকাল প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিসহ সব কটি সম্ভাব্য কারণ নিয়ে তাঁরা তদন্ত চালাচ্ছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, হত্যাকারীদের মূল লক্ষ্য ছিলেন মাহবুবুর। কিন্তু ঘটনাস্থল কিছুটা অন্ধকারাচ্ছন্ন থাকায় হত্যাকারীরা চেয়ারে বসে থাকা সবাইকে গুলি করে। সন্দেহভাজন কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন ও পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে কি না—জানতে চাইলে বাড্ডা থানার ওসি বলেন, শোক দিবসের কর্মসূচি নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। তবে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল দুপুরে আদর্শনগরের গলিতে ঢুকতেই ডান দিকে দেখা গেল পানির পাম্প। পাম্পের আশপাশের দোকানদারদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে কেউ মুখ খুলতে রাজি হননি। পাম্পের মাত্র ৫০ গজ দূরে নিহত ফিরোজের ভাড়া বাসা। তাঁর বাসায় গিয়ে দেখা যায়, ফিরোজের স্ত্রী লায়লা আহমেদ কাঁদছেন। তাঁর কোলে থাকা দুই বছরের মেয়ে ঝুমারা আহমেদ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। পাশে বসে কাঁদছে বড় মেয়ে আট বছরের আফসা আহমেদ। সে ভিকারুননিসা নূন স্কুলের সিদ্ধেশ্বরী শাখার তৃতীয় শ্রেণির ছাত্রী। বাসায় আত্মীয়স্বজন ও পরিচিতজনের ভিড়। তাঁদের কেউ কাঁদছেন, কেউ ফিরোজের স্ত্রী-সন্তানদের সান্ত্বনা দিচ্ছেন।
লায়লা আহমেদ প্রথম আলোকে বলেন, ফিরোজ উত্তর বাড্ডায় হাফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক ছিলেন। এক মাস আগে ওই চাকরি ছেড়ে শাহজাদপুরে একটি ডায়াগনস্টিক সেন্টার খোলার কাজ শুরু করেছিলেন। নিহত মাহবুবুরসহ আরও কয়েকজন এতে অংশীদার ছিলেন। বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হয়ে ফিরোজ শাহজাদপুরে কাজ দেখতে চলে যান। কাজ শেষে সম্ভবত টাকা নিতে মাহবুবুরের কাছে গিয়েছিলেন।
লায়লা আহাজারি করতে করতে বলেন, ‘আমার স্বামী রাজনীতি করতেন না। তাঁর কোনো শত্রু নেই। দুই সন্তান নিয়া এখন আমি কীভাবে চলব?’
আদর্শনগর মোল্লাপাড়ায় শামসু মোল্লার টিনশেডের বাড়িতে গিয়েও স্বজনদের আহাজারি করতে দেখা যায়। তাঁর স্ত্রী শেফালী বেগম বলছিলেন, ‘কে মারছে জানি না। তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল না। যারা মারছে, তাদের আমি বিচার চাই।’ শামসুর একমাত্র ছেলে এলাকায় কাপড়ের ব্যবসা করেন। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন।
ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুরের চারতলা বাড়ি। ওই বাড়িতে কোনো সংবাদকর্মীকে ঢুকতে দেওয়া হয়নি। ঢাকা মেডিকেল কলেজ মর্গে মাহবুবুরের মামাতো ভাই আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, মাহবুবুর রাজনৈতিক প্রতিহিংসার শিকার। মেরুল বাড্ডায় গরুর হাটের ইজারা নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ নিয়ে কোনো সমস্যা হয়ে থাকতে পারে। এ ছাড়া একটি পোশাক কারখানা নিয়েও ঝামেলা চলছিল। মাহবুবুরের ছয় বছরের এক ছেলে আছে।
আমিনুর বলেন, ময়নাতদন্ত শেষে মাহবুবুরের লাশ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। ইতালিতে থাকা মাহবুবুরের এক ভাই দেশে এলে লাশ বাড্ডার স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
ময়নাতদন্ত শেষে ফিরোজ ও শামসু মোল্লার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মর্গ সূত্র বলেছে, মাহবুবুরের মাথায় রক্তাক্ত জখম ও বুকের ডান পাশে গুলির ক্ষতচিহ্ন দেখা গেছে। শামসু মোল্লার ডান পাঁজরে ও ডান হাতের কনুইয়ে গুলির ছিদ্র দেখা গেছে। ফিরোজের বুকের ডান দিকে ছিল গুলির ছিদ্র। ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান হাবিবুজ্জামান চৌধুরী সাংবাদিকদের বলেন, মাহবুবুর ও ফিরোজের শরীরে পিস্তলের গুলি পাওয়া গেছে। শামসু মোল্লার শরীরে গুলি ঢুকে বেরিয়ে গেছে। গুলির আঘাতেই তিনজনের মৃত্যু হয়েছে।
বেলা দেড়টার দিকে মর্গে যান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। তিনি সাংবাদিকদের বলেন, স্বাধীনতাবিরোধীরাই এই হত্যাকাণ্ড চালিয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পরিবেশ নষ্ট করার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলের কোনো সুযোগ নেই।’