চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বাণিজ্য অনুষদের সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের। পরীক্ষায় ১০০টি এমসিকিউ (বহুনির্বাচনী) প্রশ্নের উত্তর দিতে হয়। বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে চারটি বিকল্প উত্তর (এ, বি, সি, ডি) থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হয়। এ ছাড়া ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে রয়েছে আরও ২০ নম্বর।
বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, বাণিজ্য অনুষদের সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষায় চারটি বিকল্পের মধ্যে যেটি সঠিক, সেটি হালকা করে ঝাপসা করে দেওয়া হয়েছে। যেমন—সি-৩ ইউনিটের প্রশ্নপত্রের সেট-২-এর প্রথম প্রশ্নটির উত্তর হবে ‘ডি’। এ ক্ষেত্রে ‘ডি’ লেখাটি ঝাপসা করে দেওয়া হয়েছে। এভাবে ১০০টি প্রশ্নের সঠিক উত্তরটি ঝাপসা করে দেওয়া হয়। প্রশ্নপত্রের সেট-৩-এর ক্ষেত্রেও এ ঘটনা ঘটেছে।
হিমেল বড়ুয়া নামের এক পরীক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নেরই উত্তরের অপশনটি এভাবে ঝাপসা করে দেওয়াটা কোনো সাধারণ ভুল হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই কোনো বড় ধরনের জালিয়াতি আছে।’ আরেক পরীক্ষার্থী গিয়াস উদ্দিন বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানাই।’ এই দুজন পরীক্ষার্থীসহ আরও অনেকে এই পরীক্ষা বাতিলের দাবি জানান।
বাণিজ্য অনুষদের সি-৩ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত সোমবার। ফলাফল ঘোষণা হয় গতকাল মঙ্গলবার। এই ইউনিটে ৫ হাজার ৭৮৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। ফলাফল প্রকাশ করা হয় ১৩৮ জনের।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেধাতালিকার ১ নম্বরে থাকা শিক্ষার্থী ছাড়াও অন্তত ১৫ জন অস্বাভাবিক নম্বর পেয়েছেন। প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী ১২০ নম্বরের মধ্যে পেয়েছেন ১১৮ দশমিক ৯৯ নম্বর। ১৫ জনের প্রাপ্ত নম্বর ১০০ থেকে ১১৮.৯৯-এর মধ্যে। অথচ একই অনুষদের সি-২ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১ নম্বরে থাকা পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর হলো ৮২.২। সি-১ ইউনিটের সর্বোচ্চ নম্বর উঠেছে ১০১।
বিশ্ববিদ্যালয় সূত্রমতে, বিশ্ববিদ্যালয়ের অন্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে কখনোই কেউ এত নম্বর পাননি।
বাণিজ্য অনুষদের ডিন জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘ফলাফলে ১৫-২০ জন অস্বাভাবিক নম্বর পেয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে এবার বিজ্ঞান শাখা থেকে পরীক্ষার্থী ছিল। এ কারণে নিয়মানুযায়ী ভর্তি পরীক্ষার প্রশ্নসংক্রান্ত দায়িত্বে আমি ছিলাম না। এ-সংক্রান্ত¯দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আহমদ সালাউদ্দিন। তিনিই বিষয়টি বলতে পারবেন।’
অধ্যাপক আহমদ সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ধরনের কিছু হয়ে থাকলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কারণ এখনো মৌখিক পরীক্ষা বাকি আছে।’
বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি দেখব। যদি অভিযোগটি সত্য হয়, তাহলে এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’