বাণিজ্যিক খামারের জমি দখল করে ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে মহাসড়কের পাশে অবস্থিত মুলাডুলি বাণিজ্যিক খামারের জায়গা দখলের যেন হিড়িক পড়েছে। এরই মধ্যে দখলদারেরা খামারের জমিতে ১৫০টি ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে দিয়েছেন।
এসব ঘরবাড়ি উচ্ছেদে খামার কর্তৃপক্ষ প্রায় দুই মাস আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগে আবেদন করলেও এ পর্যন্ত কোনো ফল পায়নি।
খামার সূত্রে জানা যায়, নাটোরের লালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন ঈশ্বরদীর এই মুলাডুলি বাণিজ্যিক খামার। কাশিনাথপুর-দাশুড়িয়া-নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে মুলাডুলি খামারের জায়গা দখল করে দীর্ঘ এক কিলোমিটার জায়গাজুড়ে এসব ঘরবাড়ি ও স্থাপনা গড়ে তোলা হয়েছে। মহাসড়কটি পাবনা সওজ বিভাগ-২-এর আওতাধীন।
খামার সূত্র জানায়, মুলাডুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যসহ স্থানীয় কিছু প্রভাবশালীর মদদে মহাসড়কের পশ্চিম পাশে খামারের জায়গায় ঘরবাড়ি বানিয়ে দখল করে নিচ্ছে লোকজন।
সরেজমিনে দেখা গেছে, খামারের প্রবেশপথ থেকে মুলাডুলি কলেজ পর্যন্ত মহাসড়কের পাশে বাঁশ, টিন, সিমেন্টের খুঁটিসহ বিভিন্ন নির্মাণসামগ্রী এনে জড়ো করে রেখেছেন দখলদারেরা। এরই মধ্যে অবশ্য ১৫০টি ঘর নির্মাণও হয়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দখলদার বলেন, মুলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা, ইউপি সদস্য আলাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য কয়েকজনের পরামর্শে তাঁরা এখানে থাকার জন্য ঘরবাড়ি তুলেছেন। এ জন্য আলাউল ইসলামকে কিছু টাকাপয়সাও দিতে হচ্ছে তাঁদের। এক দখলদার বলেন, তিনি এই জায়গায় ঘর তোলার জন্য ওই ইউপি সদস্যকে পাঁচ হাজার টাকা দিয়েছেন।
খামারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এভাবে খামারের জমি দখলের ফলে তাঁরা আখসহ অন্যান্য ফসলের আবাদ নিয়ে সমস্যায় পড়েছেন। কারণ, দখলদারদের বাড়িঘরের রান্নার চুলা থেকে যেকোনো সময় ফসলি জমিতে আগুন লেগে যেতে পারে। এতে কয়েক শ একরজুড়ে থাকা ফসলি খেতে দ্রুত আগুন ছড়িয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া দখলদারদের শৌচাগার, পোষা পশুপাখিও খামারের ফসল নষ্ট করছে।
সেলিম মালিথা অভিযোগ অস্বীকার করে বলেন, খামারের ওই জায়গায় স্থানীয় দুস্থ ও ভূমিহীনেরা ঘরবাড়ি তুলে থাকছে। তবে তিনি কাউকে এ পরামর্শ দেননি। অবশ্য সদস্য আলাউল ইসলাম ও স্থানীয় কয়েকজন এ দুস্থদের বসতি স্থাপনে সহযোগিতা করছেন বলে স্বীকার করেন চেয়ারম্যান।
সদস্য আলাউল ইসলাম বলেন, ‘এলাকার দুস্থদের ওই সরকারি জায়গায় ঘর তুলতে সহযোগিতা করলেও কারও কাছ থেকে টাকাপয়সা নিইনি। সরকারি জায়গা ফাঁকা পড়ে ছিল। তাই তাদের সেখানে ঘর তোলার পরামর্শ দিই।’
পাবনা সওজ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার মুঠোফোনে বলেন, এরই মধ্যে মুলাডুলি ইউপি চেয়ারম্যান ও দখলদারদের স্থাপনা উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।