শেখ আব্দুল হাই ওরফে বাচ্চু বেসিক ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়ার আগে শেষ পরিচালনা পর্ষদের সভায় (৮ মে, ২০১৪ সালে অনুষ্ঠিত ৩৩১তম) ২৫৪টি প্রস্তাব অনুমোদন করেছিলেন। নতুন চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদের নেতৃত্বে পর্ষদ সেগুলোর অনুমোদন আর নিশ্চিত করেনি। বরং নতুন পর্ষদ আব্দুল হাইয়ের পরিচালনা পর্ষদের শেষ সভায় উত্থাপিত প্রতিটি প্রস্তাব (মেমো) পৃথকভাবে যাচাই করে নতুনভাবে উপস্থাপনের সিদ্ধান্ত দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০১৩ সংশোধিত) অনুসারে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে আব্দুল হাইয়ের নেতৃত্বাধীন পর্ষদ ভেঙে দিতে বলার দেড় মাসের বেশি সময় পর ৪ জুলাই সম্মানের সঙ্গে আব্দুল হাইকে পদত্যাগের সুযোগ দেয় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর মধ্যে ২৫ মে ব্যাংকটি তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামকে কেন্দ্রীয় ব্যাংক দুই বছরের জন্য অপসারণ করে। এ রকম এক পরিস্থিতিতে বেসিক ব্যাংকের পর্ষদ সভা প্রায় দুই মাস করেননি আব্দুল হাই।
আব্দুল হাইয়ের পর্ষদ অনুমোদিত যেসব ঋণ এখনো বিতরণ করা হয়নি, কিংবা সীমার অতিরিক্ত ঋণ মঞ্জুর হয়েছে, সেগুলোর বিতরণ নতুন পর্ষদ আটকে দিয়েছে।
ব্যাংকটিতে জুলাই শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার ৫৬০ কোটি টাকা। ৫৪৩ জন খেলাপি গ্রাহকের কাছে এই ঋণ আটকে পড়েছে। যা ব্যাংকের মোট বিতরণ করা ঋণের ৪০ দশমিক ৫৮ শতাংশ।
আলাউদ্দিন এ মজিদ দায়িত্ব নেওয়ার পর পর্ষদ ব্যাংকটি পুনর্গঠনে যে কর্মপরিকল্পনা তৈরি করেছে তাতে এসব তথ্য রয়েছে। পর্ষদ আগামী ২০১৬ সালের জুন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে করণীয় নির্ধারণ করেছে। যা পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের কাছে। ব্যাংকসংশ্লিষ্ট সূত্র ও বাংলাদেশ ব্যাংক কর্মপরিকল্পনাকে ইতিবাচক মনে করছে। আলাউদ্দিন এ মজিদকে সরকার ৬ জুলাই ব্যাংকটিতে চেয়ারম্যান নিয়োগ দেয়।
যোগাযোগ করা হলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষকও পর্ষদে রয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে তাঁদের সমঝোতা চুক্তিও আছে। তিনি বলেন, ‘আমরা জেনেছি তারা সবাই মিলে একটা কর্মপরিকল্পনা তৈরি করেছে। এত সব করা হচ্ছে ব্যাংকটিকে ভালো অবস্থায় ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশ ব্যাংক আশা করে, ব্যাংকটি তাদের আগের সুনামের ধারাতে ফিরে আসবে।’
নতুন কর্মপরিকল্পনা প্রতিবেদন অনুযায়ী, নতুন গ্রাহকের বড় অঙ্কের ঋণ মঞ্জুরের পূর্বে আগের পর্ষদ কোনো ধরনের যাচাই-বাছাই করেনি। এমন বেশ কিছু ঋণ চিহ্নিত করেছে বর্তমান পর্ষদ। বিগত পর্ষদের সময়ে ব্যাংকের শাখার সংখ্যা বৃদ্ধি করে ৬৮টিতে উন্নীত করা হয়। কিন্তু এর ৩৪টিই লোকসানি। বর্তমান পর্ষদ বলছে, ব্যাংকটিতে লোকবল হচ্ছে দুই হাজার ২৪৯ জন। যার মধ্যে ৭০০ জন অযোগ্য ও অতিরিক্ত। বিগত পর্ষদের সময়ে এসব লোকবল নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আবিষ্কার করেছে অন্তত ১৪ জন কর্মকর্তা-কর্মচারী জাল সার্টিফিকেট দিয়ে ব্যাংকটিতে নিয়োগ পেয়েছিলেন। তাঁদের বরখাস্ত করা হয়েছে। তবে ব্যাংকের একটি সূত্র জানায়, এর আগে চাকরি স্থায়ীকরণ পর্যায়ে আরও অন্তত ৪০ জনের জাল সার্টিফিকেট ধরা পড়লে তাঁদের চাকরি থেকে বিতাড়ন করা হয়।
নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত হওয়া সাত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে। তাঁরা হলেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোনায়েম খান, মহাব্যবস্থাপক (জিএম) জয়নুল আবেদিন চৌধুরী, খন্দকার শামীম হাসান ও মোহাম্মদ আলী, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শিপার আহমেদ ও এস এম ওয়ালিউল্লাহ এবং ডেপুটি ম্যানেজার এস এম জাহিদ হাসান। আগের পর্ষদের সচিব শাহ আলম ভূঁইয়ার চুক্তি বাতিল করে ৭ আগস্ট তাঁকে চাকরিচ্যুত করেছে বর্তমান পর্ষদ। তিন দফায় শাহ আলমের চুক্তি পুনর্নির্ধারণ করেছিল আব্দুল হাইয়ের পর্ষদ।
কর্মপরিকল্পনা প্রতিবেদন অনুযায়ী, গত জুন পর্যন্ত ব্যাংকটি মূলধন ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার ৬৭৬ কোটি টাকা। বর্তমান পর্ষদ এ ঘাটতি মূলধন মেটাতে সরকারের কাছে অনুরোধ করেছে। নতুন পর্ষদ শীর্ষ ১০০ খেলাপির তালিকা করেছে। এদের কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে তিন হাজার ৯৪৫ কোটি ৯৭ লাখ টাকা। এগুলোর মধ্যে প্রথম ১০ প্রতিষ্ঠান অর্থাৎ ডেল্টা সিস্টেমসের কাছে ব্যাংকের পাওনা ১২২ কোটি ৭৩ লাখ টাকা, আমাদের বাড়ি লি.-এর কাছে ১০৮ কোটি ৭৪ লাখ টাকা, এআরএসএস এন্টারপ্রাইজের কাছে ১০৬ কোটি ২৫ লাখ টাকা, নিউ অটো ডিফাইনের কাছে ১০১ কোটি ৮৭ লাখ টাকা, একই মালিকের আরেক প্রতিষ্ঠান ফিয়াজ অটো ডিফাইনের কাছে ৯৩ কোটি ৭২ লাখ টাকা, টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাছে ৯১ কোটি ৬৪ লাখ টাকা, সিফান শিপিং লাইনসের কাছে ৮৮ কোটি ৯২ লাখ টাকা, আরআই এন্টারপ্রাইজের কাছে ৮৮ কোটি তিন লাখ টাকা, আরকে ফুডের কাছে ৮৬ কোটি ২৬ লাখ টাকা এবং মা টেক্সের কাছে ব্যাংকটির পাওনা দাঁড়িয়েছে ৮৫ কোটি ৩৩ লাখ টাকা।