বাথরুমে অধ্যক্ষের ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকার একটি বাসার বাথরুম থেকে এক অধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. আতাউর রহমান (৫৫)। পরে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি তিতাস উপজেলার তেতিয়ারামপুর গ্রামে লাশ দাফন করা হয়।

আতাউর রহমান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর আবদুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ ছিলেন। ব্যক্তিজীবনে তিনি নিঃসন্তান ছিলেন।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহআলম বলেন, ‘মুন্সেফবাড়ি এলাকার বাসার বাথরুমের রডের মধ্যে রশি লাগিয়ে আত্মহত্যা করেন অধ্যক্ষ আতাউর রহমান। ওই খবর পেয়ে আমরা বেলা দেড়টার দিকে ওই বাসায় গিয়ে ঝোলানো অবস্থায় লাশ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা বলতে পারব না। তিনি নিঃসন্তান ছিলেন।’

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাহবুবুর রহমান বলেন, ‘১৯৯৯ সালে কলেজ প্রতিষ্ঠা হয়। তখন থেকেই তিনি আমাদের সঙ্গে ছিলেন। কলেজটি এমপিওভুক্ত না হওয়ার কারণে বারবার তিনি চলে যাওয়ার বায়না ধরতেন। আমরা কোনো রকমে ওনাকে ধরে রেখেছিলাম। শেষ দিকে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবুও আমরা তাঁকে ওই পদে বহাল রেখেছিলাম। আজ সোমবার বিকেলে সাংসদ আবদুল মতিন খসরু মহোদয় আমাকে অধ্যক্ষের মৃত্যুর বিষয়টি জানান। তাঁর সঙ্গে আমাদের অত্যন্ত সুসম্পর্ক ছিল। আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।