বাদাঘাটে এলাকাবাসীর ওপর পুলিশের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের মহড়া দেওয়া ঠেকাতে এককাট্টা এলাকাবাসীর ওপর পুলিশি হামলার অভিযোগ উঠেছে। এ নিয়ে পুলিশ ও এলাকবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকার বাদাঘাটে নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগারের পার্শ্ববর্তী এলাকায় গতকাল শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজন পুলিশের ছোড়া রাবার বুলেট বিদ্ধ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি সাতজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পরপরই সিলেট কেন্দ্রীয় কারাগার এলাকার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, নির্মাণাধীন কেন্দ্রীয় কারাগারের পাশে ‘ইউনাইটেড’ নামের একটি কোম্পানি জমি ক্রয় করেছিল। জমি ক্রয়-বিক্রয়ে মধ্যস্থতা করছিলেন সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম। জোরপূর্বক জমি ক্রয় করে নেওয়ার অভিযোগ ওঠায় সম্প্রতি শামছুলকে এলাকাবাসী পঞ্চায়েত বৈঠক করে সতর্ক করে দেন। এতে অসন্তুষ্ট হয়ে শামছুল গত ২৯ ও ৩০ জানুয়ারি বাইরের কিছুসংখ্যক লোক এনে এলাকায় মহড়া দেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল সকাল আটটার দিকে শামছুল তাঁর এলাকা থেকে ৫০-৬০ জন লোক নিয়ে বাদাঘাট এলাকায় গিয়ে মহড়া দেন। এতে বাদাঘাট এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। তাঁরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জালালাবাদ থানার পুলিশকে জানান। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় শেষে এলাকাবাসী ধাওয়া করে বহিরাগত ব্যক্তিদের বিতাড়িত করে দেয়। পুলিশ তখন বিক্ষুব্ধ এলাকাবাসীর ওপর চড়াও হয়। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ এলাকাবাসীকে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনার পর বেলা তিনটার দিকে সোনাতলা বাজারে সন্ত্রাসবিরোধী সমাবেশকারী লোকজন জড়ো হয়ে প্রতিবাদ সভা করেন। সেখানে জড়ো হওয়া বাদাঘাটসহ আশপাশ এলাকার বাসিন্দারা জালালাবাদ থানা-পুলিশের ভূমিকা ইউপি চেয়ারম্যান শামছুল ও বহিরাগত সন্ত্রাসীদের পক্ষে ছিল বলে অভিযোগ করেন।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন পুলিশ হামলা করেনি দাবি করে জানান, জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ফাঁকা গুলি ছোড়ে। ইউপি চেয়ারম্যান শামছুল বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে বাদাঘাটে মহড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, কোম্পানির জায়গা তদারক করতে একটি পক্ষ তাঁর লোকজনকে জিম্মি করে রেখেছিল। পুলিশ তাঁদের রক্ষা করেছে বলে তিনি মন্তব্য করেন।