বাদাম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
পঞ্চগড়ের বোদা উপজেলায় গত সোমবার রাতে জহিরুল ইসলাম (২৫) নামে এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। নিহত জহিরুল ইসলাম মাড়েয়া ইউনিয়নের ভোগপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বাদামের পাইকারি ব্যবসা করতেন।
এ ঘটনায় একই এলাকার মো. শহিদুল ইসলামের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নিহত জহিরুলের বাবা আরমান আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য জহিরুলের লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্র জানায়, সোমবার রাত ১১টায় জহিরুল বোদা উপজেলার মাড়েয়া ফুটকিবাড়ি বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসার আগেই দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। সড়কের পাশে একটি ধানখেতে গুরুতর আহত অবস্থায় জহিরুলকে পড়ে থাকতে দেখেন কয়েকজন পথচারী। তাঁরা তাঁর স্বজনদের খবর দেন। স্বজনেরা চিকিৎসার জন্য জহিরুলকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে রাত দেড়টার দিকে জহিরুলের মৃত্যু হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজনুর রহমান বলেন, জহিরুলের শরীরের বিভিন্ন জায়গায় লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।