ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গৃহবধূ রেজিয়া বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় হওয়া মামলার বাদী ও আসামিপক্ষ পরস্পরের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ করেছে। এর মধ্যে আসামিপক্ষের অভিযোগ তদন্ত করতে গতকাল শনিবার ঢাকার বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মামলার এজাহার ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর রাতে কসবার জগন্নাথপুর আমতলী গ্রামে ছেলে মাসুক মিয়াকে বেঁধে (১২) তার সামনে রেজিয়া বেগমকে (৪০) গলা কেটে হত্যা করা হয়। পরদিন সকালে নিহত ব্যক্তির বড় ভাই আবুল খায়ের কসবা থানায় হত্যা মামলা করেন। এ নিয়ে গত ২০ সেপ্টেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।
এ মামলার আসামি ইব্রাহিম মিয়ার (২৫) বাবা আবুল কাশেম বাদী হয়ে বাড়িঘরে ভাঙচুরের অভিযোগে ২৫ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত বিচারিক হাকিমের আদালতে হত্যা মামলার বাদী ও তাঁদের ভাইদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করতে পিবিআইর এএসপি আবদুল আউয়ালের নেতৃত্বে একদল পুলিশ গতকাল দুপুরে তদন্ত করতে আসে।
অন্যদিকে, হত্যা মামলার বাদী আবুল খায়ের বাড়িঘর ভাঙচুরের অভিযোগে ২৮ অক্টোবর আসামিপক্ষের লোকজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার কসবা থানায় একটি অভিযোগ করেছেন।