ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি হত্যা মামলার বাদী ও বিবাদীর সমর্থকদের বাড়িতে পাল্টাপাল্টি হামলায় ১২টি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দি গ্রামে গতকাল রোববার এ ঘটনা ঘটে।
২০ অক্টোবর মুরগি চুরির প্রতিবাদ করায় ওই গ্রামের অটোচালক ফিরোজ মোল্লাকে (৩৬) পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই ফরিদ মোল্লা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এলাকাবাসী সূত্র জানায়, গতকাল রোববার ভোর ছয়টার দিকে বাদীপক্ষের ৪০-৫০ জন ওই গ্রামে বিবাদী ও তাঁদের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ওই সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙচুর ও লুটপাট ঠেকানোর চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর পাশের ছাগলদী ও ঈশ্বরদী গ্রামের শতাধিক লোক বিবাদীদের পক্ষ নিয়ে বাদীর সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বাদীর সমর্থকেরা প্রথমে বিবাদীদের বাড়িঘরে হামলা ও লুটপাট করে। এ সময় চারটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তিনি বলেন, খবর পেয়ে তিনি ঘটাস্থলে গিয়ে ভাঙচুর ঠেকান।