বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদগঞ্জের আলোচিত রুমা হত্যা মামলার প্রধান আসামি মফিজুর রহমান জামিনে বের হয়ে বাদীপক্ষকে মামলা তুলে নিতে নানা ধরনের হুমকি দিচ্ছেন এবং তাঁদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বাদীপক্ষের ১ নম্বর সাক্ষী মো. জিল্লুর রহমান আদালতে মামলা ও থানায় জিডি করেছেন।

রুমার স্বামী জিল্লুর রহমান অভিযোগ করেন, উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাঁসা গ্রামের মফিজুর রহমানের সঙ্গে তাঁদের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে গত ২০ এপ্রিল তাঁর স্ত্রীকে অভিযুক্ত ব্যক্তিরা মারধর করে মুখে বিষ ঢেলে হত্যা করে। এ ব্যাপারে ২৬ এপ্রিল তাঁর শ্বশুর হাবিব উল্যা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। মামলা করার পর পুলিশ মফিজুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

জিল্লুর রহমান অভিযোগ করেন, মফিজুর রহমান হাইকোর্ট থেকে ২২ সেপ্টেম্বর জামিন নিয়ে বাড়ি এসেই মামলা তুলে না নিলে বাদী ও তাঁকে প্রকাশ্যে হত্যা করে লাশ গুম করে ফেলবেন বলে হুমকি দেন। এ ঘটনার পর তিনি (জিল্লুর) ২৭ সেপ্টেম্বর ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে এ বিষয়ে আদালতে মামলা করা হয়।

এ ছাড়া মফিজুর রহমান মামলার বাদীর বিরুদ্ধে পুকুর থেকে মাছ লুট এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগে মামলার সাক্ষীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ফরিদগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসআই বলেন, পুলিশ দুটি ঘটনারই তদন্ত করছে। তবে মফিজুরের অভিযোগের বিষয়টি পরিকল্পিত বলে মনে হচ্ছে।

বাদী ও সাক্ষীদের হুমকি ও মামলা দিয়ে তাঁদের হয়রানি করার অভিযোগ অস্বীকার করে মফিজুর রহমান বলেন, জিল্লুর রহমানের স্ত্রী রুমা তাঁদের পারিবারিক কলহের কারণেই বিষ পান করে আত্মহত্যা করেছেন। কিন্তু রুমার পরিবারের পক্ষ থেকে তাঁকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

এ ব্যাপারে সিআইডির চাঁদপুর কার্যালয়ের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান বলেন, রুমা হত্যা মামলাটি ফরিদগঞ্জ থানা থেকে সিআইডিতে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।