বাদী ও সাক্ষীদের ভয় দেখাচ্ছে পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপড় ব্যবসায়ী নাহিদকে হত্যার অভিযোগে পল্লবী থানার দুই পুলিশ সদস্যসহ চারজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করা হয়েছে। সম্প্রতি নাহিদের বোন শিলা আক্তার বাদী হয়ে আদালতে এ নালিশি মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
নাহিদের স্বজনেরা অভিযোগ করেন, আদালতে মামলা করায় পল্লবী থানার পুলিশ লোক পাঠিয়ে মামলার বাদী ও নিহত নাহিদের বোন শিলা আক্তারকে অ্যাসিডে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। তারা মামলার সাক্ষীদের সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকতেও ভয় দেখাচ্ছে।
আদালতে করা মামলার আসামিরা হলেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল আরেফিন, এএসআই সুব্রত কুমার বিশ্বাস, থানা-পুলিশের সোর্স সাইফুল ইসলাম ও তারেক হোসেন। এ ছাড়া ওই মামলায় পল্লবী থানার অজ্ঞাতনামা পুলিশ সদস্যদের আসামি করা হয়।
আদালত সূত্র জানায়, মামলার অভিযোগে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি পল্লবী থানার এসআই তৌহিদুল আরেফিন ও এএসআই সুব্রত বিশ্বাস পাঁচ লাখ টাকার জন্য মিরপুর ৬ নম্বর সেকশনের প্রশিকা ভবনের কাছ থেকে কাপড় ব্যবসায়ী মো. নাহিদকে (২২) অপহরণ করে থানার সিভিল টিমের গাড়িতে তুলে নিয়ে যান। নাহিদকে দুদিন আটকে রেখে ওই টাকা না পেয়ে থানার পুলিশ সদস্যরা গুলি করে হত্যা করে ভাষানটেক এলাকায় তাঁর লাশ ফেলে দেন। পরে ৪ ফেব্রুয়ারি ভাষানটেক থানার পুলিশ তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তথ্যের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে নাহিদের লাশ শনাক্ত করেন স্বজনেরা। এর পরই স্বজনেরা নিশ্চিত হন আসামিরা পাঁচ লাখ টাকার জন্য নাহিদকে অপহরণ করে এবং ওই টাকা না পেয়ে তাঁকে হত্যা করেন।
মামলার বাদী শিলা আক্তার প্রথম আলোর কাছে অভিযোগ করেন, তৌহিদুল আরেফিন ও সুব্রত বিশ্বাস লোক পাঠিয়ে সাক্ষীদের ভয় দেখাচ্ছেন। এমনকি তাঁকেও অ্যাসিডে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। পুলিশের ওই কর্মকর্তারা নাহিদকে সন্ত্রাসী বলে প্রচার করতেও স্থানীয় লোকজনকে চাপ দিচ্ছেন। তিনি বলেন, আদালতে করা মামলার বিষয়ে সাক্ষ্য দিতে কয়েক দিন আগে ডিবি কার্যালয়ে যেতে চিঠি দেওয়া হয়। তিনি ও তাঁর বাবা (জি এম সাঈদ) ডিবি কার্যালয়ে গিয়ে সাক্ষ্য দিয়েছেন। পুলিশের হুমকি-ধমকির কারণে অন্যরা সাক্ষ্য দিতে যেতে পারেননি।
নাহিদের বাবা জি এম সাঈদ পুত্র হত্যাকারী পুলিশ সদস্য ও তাঁদের দুই সোর্সকে গ্রেপ্তার এবং তাঁদের সুষ্ঠু বিচারের দাবি করেন।
গতকাল রোববার রাতে তৌহিদুল আরেফিন বলেন, শিলার অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি তাঁকে চেনেনও না। তবে তিনি বলেন, নাহিদ খারাপ ছেলে, তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় হত্যাসহ আটটি মামলা রয়েছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার সাইফুল্লাহ মো. নাছির প্রথম আলোকে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কিছু বলতে চাননি। তদন্ত শেষে তিনি আদালতে প্রতিবেদন জমা দেবেন।
ঘটনাটি তদন্তের দায়িত্বে থাকা পল্লবী অঞ্চলের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ কামাল হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। বাদী ও সাক্ষীকে পুলিশের দুই সদস্যের পক্ষ থেকে হুমকি দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন।
এর আগে নাহিদের হত্যাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবরও আবেদন করেছিলেন শিলা আক্তার।