কক্সবাজারের রামু উপজেলায় একটি মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাদী রেনুয়ারা বেগম এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার মৌলভিপাড়ার এরশাদুল হকের স্ত্রী রেনুয়ারা বেগম। তিনি বলেন, ৪ আগস্ট একই পাড়ার বোরহান উদ্দিন ও নুরুল কবিরের নেতৃত্বে তাঁদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। হামলায় তাঁর স্বামী-মেয়েসহ অনেকে আহত হন। এ ঘটনায় তিনি (রেনুয়ারা) বাদী হয়ে গত মঙ্গলবার কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। মামলায় বোরহান উদ্দিন, নুরুল কবিরসহ ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। কিন্তু এরপর থেকে আসামিরা মামলা প্রত্যাহারের জন্য তাঁকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। রেনুয়ারা বেগম বলেন, আসামিরা তাঁদের ঘরের মেয়েদের অপহরণের ভয়ভীতিও প্রদর্শন করছেন। এই প্রেক্ষাপটে মঙ্গলবার রাতেই শিশু ও মেয়েদের নিয়ে বাড়ি ছাড়েন। এখন কক্সবাজার শহরে আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন।
রেনুয়ারা বেগম বলেন, প্রায় পাঁচ বছর আগে নুরুল কবির তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে সৌদি আরবে পালিয়ে যান। এরপর তিনি সেখান থেকে ১ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করেন। নুরুল দেশে ফিরে এসেছেন। ২ আগস্ট অবশিষ্ট টাকা ফেরত চাইতে গেলে নুরুল তাঁদের দেখে নেওয়ার হুমকি দেন। এরপর ৪ আগস্ট দুপুরে লোকজন নিয়ে তাঁর (রেনুয়ারা) বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। মালামালও লুট করেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নুরুল কবিরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘হামলার ঘটনায় রেনুয়ারা বাদী হয়ে আদালতে মামলা করেছেন বলে শুনেছি। আদালতের নির্দেশ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’