বাদীকে ভয়ভীতি দেখাচ্ছে ধর্ষণ মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সপ্তম শ্রেণির ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিকে পুলিশ প্রায় এক মাসেও গ্রেপ্তার করতে পারেনি। ধর্ষণের শিকার ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, আসামি তাদের ভয়ভীতি দেখাচ্ছে ও মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছে।
আসামি গ্রেপ্তার না হওয়ায় ওই ছাত্রী বাড়ি থেকে বের না হওয়ায় বিদ্যালয়ে যাওয়া হয়নি। গত বুধবার থেকে বার্ষিক পরীক্ষ শুরু হলে তার মা-বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছে বলে জানা গেছে।
গত মঙ্গলবার বিকেলে ছাত্রীর বাড়িতে গেলে সে বলে, ‘আসামি কখন যে আমার কী ক্ষতি করে, সে ভয়ে আমি ২০ দিন স্কুলে যাইনি। মা-বাবাকে সঙ্গে নিয়ে বার্ষিক পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছি।’ ছাত্রীর মা বলেন, ‘বিভিন্ন লোকের মাধ্যমে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। আমি উচিত বিচার চাই।’
ছাত্রীর বাবা বলেন, ‘আসামি গ্রামে এসে আমাদের ভয় দেখাচ্ছে। আমি গরিব মানুষ। এত কেলেঙ্কারি হয়ে গেল, আমি এখন মেয়েকে বিয়ে দেব কেমনে?’
পীরগঞ্জ থানার ওসি মো. ইশতেসাম বলেন, ধর্ষণের অভিযোগে ওই ছাত্রীর বাবা গত ১২ নভেম্বর পীরগঞ্জের নারায়ণপুর গ্রামের মো. মানিককে (২৪) অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আসামি পলাতক রয়েছে, তবে আমরা আসামি ধরতে সব ধরনের কৌশল অবলম্বন করছি।’
মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, তাঁর সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে গত ১১ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে বইপত্র নিয়ে বিদ্যালয়ে যায়। আসামি মো. মানিক বিদ্যালয়ের মাঠ থেকে ফুসলিয়ে তাকে সাইকেলে তুলে নিয়ে ঠাকুরগাঁওয়ের আখানগর গ্রামে তার মামার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরদিন সন্ধ্যায় পীরগঞ্জের ফুটানী টাউন বাজারের পাশের ব্রিজে তাঁর মেয়েকে মোটরসাইকেল থেকে নামিয়ে দিয়ে মানিক পালিয়ে যায়।
পীরগঞ্জ থানার ওসি জানান, ১২ নভেম্বর রাত সাড়ে আটটায় ওই ছাত্রীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ নভেম্বর ঠাকুরগাঁও সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। ওই দিনই পীরগঞ্জ আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সৈয়দ মো. ফখরুল আবেদীন ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণ করেন।
এ ব্যাপারে ১৪ নভেম্বর ‘গঙ্গাচড়ায় গৃহবধূ ও পীরগঞ্জে ছাত্রী ধর্ষণের শিকার’ শিরোনামে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিশ্বনাথ রায় বলেন, ‘মামলা তুলে নেওয়ার জন্য বাদীপক্ষকে চাপ দেওয়া বা ভয়ভীতি দেখানোর বিষয়টি নিয়ে বাদী থানাকে জানাননি। আসামিকে ধরার জন্য চেষ্টা চলছে।