ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আতিক উল্লাহ চৌধুরী হত্যা মামলার বাদী সাইদুর রহমান চৌধুরী নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন।
২০১৩ সালের ১০ ডিসেম্বর আতিক উল্লাহ চৌধুরী নিখোঁজ হওয়ার পরদিন বিকেলে তাঁর মরদেহ পুলিশ দোলেশ্বর হাসপাতালের পেছনের জঙ্গল থেকে উদ্ধার করে। এ ঘটনায় ১৩ ডিসেম্বর নিহতের ছেলে কোন্ডা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ৩১ জানুয়ারি মামলার চার্জশিট প্রদান করা হয়। পরে মামলাটি দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়।
চার্জশিটভুক্ত আট আসামি হলেন সম্পা, গুলজার হোসেন, আসিফ, সিহাব আহমেদ, আহসানুল কবির, রফিকুল ইসলাম, তাজুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। এদের মধ্যে দুই আসামি সিহাব আহমেদ ও রফিকুল ইসলাম জামিনে বের হয়ে পলাতক রয়েছেন। অন্য আসামিরা সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তিলাভ করেছেন।
সাইদুর রহমান চৌধুরী বলেন, ‘আগামী ৫ ফেব্রুয়ারি আদালতে আমার সাক্ষ্য দেওয়ার দিন ধার্য রয়েছে। আমি যাতে আদালতে সাক্ষ্য না দিই সে ব্যাপারে আসামিরা চাপ দিচ্ছে। সাক্ষ্য দিলে আমাকে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে। আমিসহ অন্য সাক্ষীরা সাক্ষ্য দিতে না পারলে ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারি।’
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, বাদীকে হুমকি দেওয়ার ব্যাপারে তিনি অবগত নন। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।