বাদীপক্ষকেই আসামি খুঁজতে বলল পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় পোশাককর্মী গণধর্ষণের ঘটনায় তদবিরে মামলা নিলেও এক মাস পরও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযোগ পাওয়া গেছে, পুলিশ বাদীপক্ষকেই বলেছে আসামি খুঁজে দিতে। এদিকে মামলা তুলে নিতে আসামিপক্ষের ক্রমাগত চাপে ভয়ে এলাকা ছেড়েছেন ওই পোশাককর্মী ও তাঁর স্বামী।
পুলিশ বলছে, আসামিদের তারা চেনে না। তাই দেখলে খবর দিতে বলা হয়েছে।
গত ১৪ এপ্রিল রাতে রাস্তা থেকে তুলে নিয়ে ওই পোশাককর্মীকে গণধর্ষণ করে তিন যুবক। ওই পোশাককর্মীর স্বামী ঘটনার বর্ণনা দিয়ে জানান, তাঁর স্ত্রী মিরপুরের একটি তৈরি পোশাক কারখানার কর্মী। তিনি এক সরকারি কর্মকর্তার গাড়িচালক। ঘটনার সময় তাঁরা থাকতেন মিরপুর ২ নম্বরে। ১৪ এপ্রিল সন্ধ্যার পর স্ত্রীকে নিয়ে এক আত্মীয়র সঙ্গে দেখা করতে রিকশায় দারুস সালাম থানার লালকুঠিতে নির্মাণাধীন একটি বাড়িতে যান। তাঁর আত্মীয় নির্মাণাধীন বাড়িটির নিরাপত্তাকর্মী। সেখানে আত্মীয়কে না পেয়ে রিকশায় স্ত্রীকে বসিয়ে রেখে কিছু দূরে এক বাসায় তাঁকে খুঁজতে যান। ফিরে এসে রিকশা বা স্ত্রীকে পাননি। দ্রুত বাসায় গিয়ে স্ত্রীকে না পেয়ে আবার ওই বাড়ির সামনে যান। সেখানে কিছুক্ষণ খুঁজে না পেয়ে আবার বাসায় যান। পরে ওই আত্মীয়র এক স্বজনের ফোন পেয়ে ওই বাড়ির নিচতলায় গিয়ে দেখেন, তাঁর স্ত্রী কাঁদছেন। তাঁকে শান্ত করে তিনি ঘটনা শোনেন।
পোশাককর্মীর স্বামী বলেন, স্ত্রী তাঁকে বলেছেন তিনি আত্মীয়কে খুঁজতে যাওয়ার পরপরই এক যুবক তাঁর মুখ চেপে ধরে। রিকশাচালক প্রতিবাদ করলে আরও দুই যুবক এসে চড়-থাপ্পড় মেরে তাঁকে তাড়িয়ে দেয়। ওই তিন যুবক তাঁর স্ত্রীকে টেনেহিঁচড়ে ওই বাড়ির তিনতলায় নিয়ে ধর্ষণ করে। ১৫ এপ্রিল রাতে স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। তিনি সেখানে চার দিন চিকিৎসাধীন ছিলেন। তিনি (স্বামী) খোঁজ নিয়ে জানতে পারেন, মুন্না, জাভেদ ও শহীদুল নামের স্থানীয় তিন যুবক ঘটনাটি ঘটিয়েছে। তিনি ঘটনাটি ওয়ার্ড ছাত্রলীগের নেতা রাব্বীকে জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাঁকে মামলা করতে বলে। তবে রাব্বী ১৫ এপ্রিল এক বৈঠকের আয়োজন করে ৪০ হাজার টাকায় বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত এক অভিযুক্ত মুন্না ঘটনা স্বীকার করে ক্ষমা চায়। তবে তিনি রাজি না হয়ে ওই দিনই দারুস সালাম থানায় গেলে পুলিশ মামলা নেয়নি। ২০ এপ্রিল স্ত্রীকে নিয়ে তিনি আবার থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। পরে পরিচিত একজনের তদবিরে পুলিশ ওই দিনই মামলা নেয়। তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেন।
যোগাযোগ করা হলে রাব্বী প্রথম আলোর কাছে বৈঠকের কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, ভুক্তভোগীরা মীমাংসা চেয়েছিলেন বলেই তিনি মীমাংসার কথা বলেছিলেন। পরে ভুক্তভোগীর স্বামী মামলা করার কথা জানান।
পোশাককর্মীর স্বামী বলেন, ‘এলাকায় আসামিরা ঘুরছে, কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না। মামলার খোঁজ নিতে থানায় গেলে তদন্তকারী কর্মকর্তা আমাকেই আসামি খুঁজে দিতে বলছেন। অথচ আসামিপক্ষের লোকজন মামলা তুলে নিয়ে মীমাংসা করার জন্য ক্রমাগত চাপ দিচ্ছে। তাই ভয়ে ওই এলাকা ছেড়ে স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে আসছি।’