বাদীপক্ষের ওপর হামলা, চার নারীসহ আহত ১২
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের গোপীনগর গ্রামে গতকাল বৃহস্পতিবার পুলিশ, ইউপি চেয়ারম্যান ও সদস্যের সামনে বাদীপক্ষের ওপর হামলা চালিয়ে ১২ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে আসামি ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। গুরুতর আহত তিনজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পতনউষার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী ও সদস্য মঈনূল ইসলাম জানান, মাস খানেক আগে গোপীনগর গ্রামের কাসেম আলীর (৫০) ছেলে রুবেল মিয়া (৩০) একই গ্রামের শেলি বেগমের (৩০) বাড়িতে এসে তাঁকেসহ পরিবারের সদস্যদের মারধর করেন। এ ঘটনায় শেলি বেগম মামলা করলে পুলিশ রুবেল মিয়াকে গ্রেপ্তার করে। সম্প্রতি রুবেল জামিনে মুক্ত হয়ে মামলা প্রত্যাহারে বাদীকে হুমকি দেন। গতকাল সকালে রুবেল শেলি বেগমের বসতঘর ভাঙচুর করেন। খবর পেয়ে তাঁরা একজন উপসহকারী পরিদর্শকসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় রুবেলের বাবা কাসেম আলী ও রুবেলের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এতে শেলী বেগম, নাসিমা বেগম, ছায়ারুন বেগম, সুমি বেগমসহ ১২ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় বাছিত মিয়া, তোয়াব আলী ও আবদুল আলীকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। পলাতক থাকায় এ বিষয়ে রুবেলের বক্তব্য পাওয়া যায়নি।