বাদীপক্ষের হুমকিতে পরিবার গ্রামছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শিশুর (৪) শ্লীলতাহানির ঘটনায় মামলা করায় প্রভাবশালী ব্যক্তিদের হুমকির কারণে বাদীর পরিবার গ্রামছাড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলা তুলে না নিলে বাদীর স্বজনদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
এদিকে মামলার পর পাঁচ দিন পার হলেও পুলিশের গাফিলতির কারণে শিশুটির ডাক্তারি পরীক্ষা হচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে শিশুটির স্বজন ও গ্রামের কয়েকজন বলেন, থানা ‘ম্যানেজ’ করায় পুলিশ আসামি ধরছে না। ডাক্তারি পরীক্ষায় যাতে আলামত পাওয়া না যায়, সে জন্য পুলিশ সময়ক্ষেপণ করছে।
এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, ২৫ মার্চ ওই শিশুর শ্লীলতাহানি করা হয়। স্থানীয় প্রভাবশালীরা গ্রাম্য সালিসে ১৫ হাজার টাকায় এ ঘটনা মিটমাটের চেষ্টা করেন। তা না মেনে গত রোববার শিশুটির মা স্থানীয় প্রভাবশালী রোস্তম আলীর ছেলে মনিরুল ইসলামের (২০) বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকে মনিরুলের আত্মীয় ও প্রভাবশালী মাতবররা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। মামলা তুলে না নেওয়ায় তাঁদের গ্রামছাড়া করা হয়েছে।
শিশুটির মা বলেন, ‘বৃহস্পতিবার পুলিশ মেয়েকে নিয়ে থানায় আসতে বলে। সামান্য দেরি হওয়ায় ওই দিন নিয়ে যাওয়া হয়নি। এরপর গতকাল পর্যন্ত ডাক্তারি পরীক্ষা হয়নি। মামলা তুলে নেওয়ার জন্য আজিজুল হক, ছানোয়ার হোসেন ও নুরুন্নবী হুমকি দিচ্ছেন। তাঁদের ভয়ে আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছি।’
আজিজুল হকের মুঠোফোনে গতকাল শনিবার একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। ছানোয়ার ও নুরুন্নবীর সঙ্গেও যোগাযোগ করা যায়নি।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, নির্বাচনের দায়িত্ব থাকায় বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়নি। পরদিন শুক্রবার হওয়ায় যাওয়া হয়নি। আজকালের মধ্যেই শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে। আসামিকে গ্রেপ্তারসহ হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ-সংক্রান্ত একটি প্রতিবেদন গত মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত হয়।