বাদীর কাছে টাকা দাবির অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলার বাদীর কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। টাকা না দিলে মামলার ক্ষতি হবে—এসআইয়ের মুখে এ ধরনের কথা শোনার পর বাদী ঘটনাটি গত বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের জানান।
মামলার বাদী জানান, তাঁর মেয়ের শ্লীলতাহানি করার অভিযোগে তিনি মেয়ের শ্বশুরের বিরুদ্ধে গত ১১ এপ্রিল নান্দাইল থানায় মামলা করেন। পরদিন জবানবন্দি প্রদানের জন্য তাঁর মেয়েকে ময়মনসিংহের আদালতে নেওয়ার সময় তাঁর কাছ থেকে গাড়িভাড়া বাবদ টাকা নেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই খুরশেদ আলম। এরপর মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের অনুরোধ করলে ওই এসআই যতবার আসামিকে ধরার জন্য এলাকায় যাবেন, ততবার তাঁকে তেল খরচ বাবদ ৫০০ টাকা করে দিতে হবে বলে জানান। আসামি ধরতে না পারলেও এসআই ঘটনাস্থলে যাওয়ায় তাঁর এক আত্মীয়ের কাছ থেকে একবার ৫০০ টাকা নেন।
বাদী আরও বলেন, টাকা দিতে না পারায় গত প্রায় দেড় মাসেও পুলিশ মামলার আসামিকে গ্রেপ্তার করেনি। এ ছাড়া এসআই খুরশেদ তাঁকে ও তাঁর এক আত্মীয়কে এক সপ্তাহ ধরে লাগাতার ফোন করে মামলার খরচ বাবদ ৩ হাজার টাকা দাবি করছেন। তবে থানার একটি সূত্র জানায়, এসআই খুরশেদ আলম গত সপ্তাহে অন্যত্র বদলি হয়েছেন।
খুরশেদ আলম বাদীর কাছে টাকা দাবিসহ বিভিন্ন অভিযোগ অস্বীকার করেন। এখনো আসামি না ধরার কারণ জানতে চাইলে তিনি বলেন, আসামিকে তিনি চেনেন না। বাদীপক্ষের লোকদের তিনি আসামির অবস্থান জেনে দিতে বলেছেন।
নান্দাইল মডেল থানার ওসি সৈয়দ আবদুল্লাহ বলেন, এ বিষয়ে বাদী তাঁকে কিছু জানাননি। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।