বাদীর ছেলেদের পিটিয়ে আসামি ছিনতাই
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের পুরহরি গ্রামে গত শনিবার রাতে পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আসামিপক্ষের মারধরে বাদীর দুই ছেলে আহত হয়েছে। তবে পুলিশ দাবি করছে, ঘটনার সময় পুলিশ সেখানে ছিল না।
গতকাল সোমবার পুরহরি গ্রামের বাসিন্দা ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ তুলে উপজেলার পাছমুশুলি গ্রামের আবদুল ওয়াদুদ তাঁর জামাতা পুরহরি গ্রামের সোহেল মিয়ার (২৫) বিরুদ্ধে পাঁচ মাস আগে আদালতে মামলা করেন। মামলায় সোহেলসহ তিনজনকে আসামি করা হয়। আদালতে হাজির হয়ে অন্য দুজন জামিন পেলেও সোহেল পলাতক থাকেন। পরে আদালত সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ঈদের ছুটিতে সোহেলের বাড়ি আসার খবর পেয়ে আবদুল ওয়াদুদের দুই ছেলে মো. রফিক (২৫) ও রাসেল (১৬) পুলিশ নিয়ে পুরহরি গ্রামে যান। একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, সোহেলকে চিনিয়ে দেওয়ার পর নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদ তাঁকে ধরে ফেলেন। খবর পেয়ে সোহেলের বাবা খোকা মিয়া দলবল নিয়ে পুলিশের হাত থেকে সোহেলকে ছিনিয়ে নেন এবং রফিক ও রাসেলকে পুলিশের সামনেই বেদম মারধর করে সড়কে ফেলে রাখেন। পরে পুলিশ সদস্যরা তাঁদের হাসপাতালে নিয়ে যান।
পুরহরি গ্রামে সোহেলের বাড়িতে গিয়ে জানা যায়, তিনি ও তাঁর বাবা ঘটনার পর বাড়িতে ফেরেননি।
আবদুল ওয়াদুদ বলেন, মাথায় আঘাত পেলে গুরুতর আহত অবস্থায় রফিককে ২৫০ শয্যার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবারও তাঁর জ্ঞান ফেরেনি। তিনি (ওয়াদুদ) গত রোববার পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন।
মুঠোফোন বন্ধ থাকায় এসআই আসাদের সঙ্গে কথা বলা যায়নি। থানায় গিয়েও তাঁকে পাওয়া যায়নি। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পুলিশ ওই সময় ঘটনাস্থলে ছিল না। বাদীপক্ষের লোকজন আসামি ধরে পুলিশের হেফাজতে দেওয়ার আগেই তাঁদের মারধর করা হয়েছে। তবে মামলার বাদীর ছেলে আহত হওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।