বাদীর ছোট ছেলেকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার টিঘর গ্রামের মাদ্রাসাছাত্র জুনায়েদ মিয়া হত্যার দেড় বছর পেরিয়ে গেছে। এখন মামলার আসামিরা জুনায়েদের ছোট ভাইকেও হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, জুনায়েদ মিয়া (১০) উপজেলা শহরের আলীনগর জামিয়া ইসলামিয়া (কওমি) মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর মাদ্রাসা এলাকা থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এর ছয় ঘণ্টা পর অপহরণকারীরা মুঠোফোনে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন সকালে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মুক্তিপণ দেওয়া হয়। দাবি করা সব টাকা না দেওয়ায় ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জুনায়েদকে হত্যা করে অপহরণকারীরা।
১৬ সেপ্টেম্বর জুনায়েদের বাবা রফিকুল হক বাদী হয়ে সরাইল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত করে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। ওই বছরের ২৬ অক্টোবর জুনায়েদ হত্যার প্রধান আসামি সানাউল্লাহকে (৩০) উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়। ৫ নভেম্বর সানাউল্লাহর শ্যালক সুমন মিয়াকে (২০) কিশোরগঞ্জের ভৈরব থেকে ও তাঁদের সহযোগী সুকুমার চন্দ্র দাসকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
সানাউল্লাহ গত বছরের ২২ মার্চ উচ্চ আদালত থেকে ছয় মাসের জন্য জামিন নেন। এর কয়েক দিন পর সানাউল্লাহ ও তাঁর লোকজন সানাউল্লাহর জামিনের জন্য ব্যয় হওয়া পাঁচ লাখ টাকা দাবি করেন বাদীর কাছে। অন্যথায় বাদীর ছোট ছেলে এনায়েত মিয়াকে (৯) অপহরণ করে প্রাণনাশের হুমকি দেন। ১৭ এপ্রিল সানাউল্লাহ ও তাঁর লোকজন বাদীর বাড়িতে হামলা চালান। এরপর থেকে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এনায়েত মিয়ার বিদ্যালয়ে যাওয়া বন্ধ রয়েছে। ১৯ এপ্রিল রফিকুল হক বাদী হয়ে সানাউল্লাহ ও তাঁর চাচা রহমত আলীসহ (৫৫) ছয়জনের বিরুদ্ধে হামলা ও পাঁচ লাখ টাকা দাবির অভিযোগে আদালতে মামলা করেন। এরপর থেকে সানাউল্লাহ গা ঢাকা দেন।
সরাইল থানার ওসি মো. আলী আরশাদ প্রথম আলোকে বলেন, এসব বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।