গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ফরেস্ট রেঞ্জ অফিসে গত রোববার রাতে ডাকাতি হয়েছে দাবি করেছেন এক বন কর্মকর্তা।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। তবে পুলিশ বলছে, ডাকাতি নয়, এটি একটি চুরির ঘটনা।
এ বিষয়ে ফরেস্ট অফিসের বিট কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গতকাল সোমবার বলেন, রোববার রাত আড়াইটার দিকে ১২ থেকে ১৪ জন মুখোশধারী ডাকাত দেশি অস্ত্র নিয়ে হানা দেয়। তারা প্রথমে পাহারাদার অর্জুনচন্দ্র বর্মণ ও সতীন্দ্রচন্দ্র বর্মণকে মারধর করে। পরে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। কার্যালয়ের আলমারির তালা ভেঙে নথিপত্র তছনছ করে এবং দুটি দেয়ালঘড়ি নিয়ে যায়। ডাকাতের দল পরে পুরাতন বিট অফিসে ঢোকে। এ সময় বাধা দিতে চাইলে ডাকাতেরা পিটিয়ে পাহারাদার জাহাঙ্গীর আলম ও আরমান হোসেনকে জখম করে। ডাকাতেরা ওই কার্যালয়ের আলমারি ভেঙে প্রায় ২০ হাজার টাকা, দুটি মুঠোফোন লুট করে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘এটা ডাকাতি নয়, একটি চুরির ঘটনা। আমরা চুরির মামলা নিচ্ছি। বনের জমি নিয়ে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বন বিভাগের ঝামেলা আছে। এর জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’