বাদীর বিরুদ্ধে চার মামলা, হুমকি দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবায় মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবর হত্যা মামলা প্রত্যাহারের জন্য বাদীপক্ষকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বাদী ও তাঁর স্বজনদের বিরুদ্ধে আসামীপক্ষ আদালতে চারটি মামলাও করেছে।
জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবরের সঙ্গে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জলিল গোমস্তা ও দাউদ খানের বিরোধ ছিল। এর জের ধরে গত ৩০ সেপ্টেম্বর সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে। গত ১ অক্টোবর নুরুল ইসলামের ছেলে মোজাম্মেল মাদবর ১৮ জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাদীপক্ষের অভিযোগ, মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য আসামিরা হত্যার হুমকি দিচ্ছে। আসামি জলিল গোমস্তা ও ভাই আলাউদ্দিন গোমস্তাকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য টাকার প্রলোভনও দেখানো হচ্ছে। গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আসামিদের ১১ জন উচ্চ আদালত থেকে জামিন পান। এরপর ১০ ডিসেম্বর আসামি দাউদ খান, চুন্নু ও শাহাদত শরীয়তপুরের একটি আদালতে তিনটি মামলা দায়ের করেন। এর আগে ১৯ অক্টোবর চুন্নু মাদবরের ছেলের বউ বেবি আক্তার বিচারিক হাকিম আদালতে আরেকটি মামলা করেন। মামলায় নুরুল ইসলামের চার ছেলে, দুই ভাই, ভাইয়ের ছেলেসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। বেবির দায়ের করা মামলায় মোজাম্মেল সাত দিন কারাগারে ছিলেন। আসামিদের দায়ের করা মামলায় ঘর ভাঙচুর, লুটপাট ও নারীদের শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ১৮ ডিসেম্বর শরীয়তপুরের জেলা ও দায়রা জজ আদালত জামিনে থাকা ১১ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন। বাদীকে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়ার চেষ্টা চলছে।