বাদীর বিরুদ্ধে প্রকৌশলীকে হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সেই বাজার ইজারার দরপত্র বাতিলের চার দিন পর গত বৃহস্পতিবার পৌরসভার মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন মেয়র মুহাম্মদ ইলিয়াছ। তিনি দরপত্র দাখিলকারী কামাল উদ্দিনের বিরুদ্ধে প্রকৌশলীকে গালাগাল ও হুমকির অভিযোগ তুলেছেন।
এর আগে ৯ মার্চ কামাল দরপত্র নিয়ে সহকারী প্রকৌশলী কামরুল হাসানের বিরুদ্ধে খাম খুলে তথ্য পাচারের অভিযোগ এনে পৌরসভার মেয়র ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, কসবা পুরাতন বাজার ও অটোরিকশা স্ট্যান্ড এক বছরের ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়। ৯ মার্চ দরপত্র খোলার সময় দরপত্র দাখিলকারী কামাল টেবিলের ওপর থেকে একটি দরপত্র টেনে নিয়ে বলেন, তাঁর খামের পিন খোলা। এই বলেই হইচই ও সহকারী প্রকৌশলীকে গালাগাল করেন ও তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী কামরুল হাসান, সচিব আয়েশা বেগম, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন আহমেদ, আবু জাহের প্রমুখ। এদিকে ১৫ মার্চ পৌরসভার দরপত্র মূল্যায়ন কমিটির এক সভায় দরপত্রে সিলমোহর না থাকার অভিযোগ এনে সব দরপত্র বাতিলের সুপারিশের ভিত্তিতে ওই দিনই দরপত্রটি বাতিল করেন মেয়র।
তবে কামাল উদ্দিন জানান, তিনি কাউকে গালাগাল করেননি। তাঁর খামটি খোলা কেন, শুধু এই প্রশ্ন করেছেন।