বাদীর স্ত্রীকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা থানায় দায়ের করা একটি হত্যা মামলা থেকে দুই আসামির নাম বাদ না দেওয়া হলে বাদীর স্ত্রীকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। মামলার প্রধান আসামি পলাতক নুরুল আফসার এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় দাগনভূঞা থানায় গত মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যে দুই আসামির নাম মামলা থেকে বাদ দেওয়ার জন্য এই হুমকি দেওয়া হয়েছে, তাঁদের একজন আফসারের মা খোদেজা বেগম ও অন্যজন স্ত্রী শামীমা আক্তার। মামলার এজাহারভুক্ত ওই দুই আসামি বর্তমানে কারাগারে আছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ২৫ আগস্ট রাতে নুরুল আফসার মুঠোফোনে বাদী জসিম উদ্দিনের স্ত্রী শাওয়া আক্তারকে বলেন, তাঁর (আফসার), খোদেজা ও শামীমার নাম মামলা থেকে বাদ না দেওয়া হলে তাঁকে হত্যা করা হবে।
মামলার এজাহারসূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ৫ আগস্ট দাগনভূঞা উপজেলার উত্তর আলীপুর গ্রামের নুরুল আফসারের নেতৃত্বে একই বাড়ির কামাল উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় কামাল উদ্দিনের ভাই জসিম উদ্দিন বাদী হয়ে ওই দিনই থানায় হত্যা মামলা করেন।