সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণে বাধা দেওয়ায় গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলা চালানো হয়েছে।
হামলায় ইউএনও আশাফুর রহমান, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. সালেউদ্দিন, ইউএনওর গাড়িচালক মো. মমিন ও পিয়ন মো. মোস্তফা আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইউএনও মো. আশাফুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর ১২টার দিকে তাঁরা উপজেলার চর ফকিরা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম দেখতে যাচ্ছিলেন। যাওয়ার পথে তাঁরা দেখতে পান চর ফকিরা ইউনিয়নের চাপরাশির হাট পূর্ব বাজারে খাস জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি গাড়ি থেকে নেমে নির্মাণকাজ বন্ধ রাখতে বলেন। ওই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ভাই সলিম উল্লা ওরফে টেলুর নেতৃত্বে ৩০-৩৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে তাঁদের ওপর হামলা চালান।
ইউএনওর অভিযোগ অস্বীকার করে সলিম উল্লা বলেন, ইউএনও গাড়ি থেকে নেমে নির্মাণশ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলে মারধর শুরু করেন। এ সময় শ্রমিকেরা উল্টো তাঁর ওপর হামলা চালান। তিনি ইউএনওকে রক্ষা করেন এবং পরে গাড়িতে তুলে দেন।
ইউএনও বলেন, ‘একই বাজারে অবস্থানকারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তাঁকে রক্ষা করতে আসেননি। উল্টো কেন সেখানে গেছি—আমার কাছে এই কৈফিয়ত চান এবং আমাকে বেয়াদব বলে গালি দেন।’
ইউএনওর অভিযোগ ভিত্তিহীন দাবি করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘ইউএনও সাহেবের অপমান চেয়ারম্যান হিসেবে আমারও অপমান। আমি শুধু তাঁকে বলেছি, আপনি এদিকে আসার আগে আমাকে ফোন দিতে পারতেন। এ ছাড়া তাঁর সঙ্গে আর কোনো কথা হয়নি। তাঁর সঙ্গে খারাপ ব্যবহারও করিনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শওকত আল-ইমরান জানান, ইউএনওর কপালে, নাকে, গালে ও বাঁ চোখে রক্তাক্ত জখম ছিল। এ ছাড়া খাদ্যনিয়ন্ত্রকসহ অন্যদের শরীরেও আঘাতের চিহ্ন আছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণে বাধা দেওয়ায় দখলকারীরা ইউএনওসহ চারজনের ওপর হামলা চালিয়েছে। খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে যান। কিন্তু হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।