পরিবেশ আইন লঙ্ঘন করে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নে একটি খাসপুকুর ভরাট করেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ কাজে বাধা দেওয়ায় পুকুর ভরাটকারীরা নিকলী সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আবদুল গফুরকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬-এর ধারায় উল্লেখ করা হয়েছে, আপাতত অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না। কিন্তু ওই আইন লঙ্ঘন করে নিকলী সদর ইউনিয়নে ওই পুকুর ভরাট করা হয়েছে।
এই ঘটনায় নিকলী সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে ১০ অক্টোবর রাতে নিকলী থানায় মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন নাগারছিহাটি গ্রামের রুসমত আলী, একদিল, ছালেম, ফারুক, আবদুল গণি, মো. আতিকুল্লা, আলম, ইব্রাহিম, মো. আলী হোসেন, জসিম উদ্দিন, রইছ উদ্দিন, আফজুল ও কৈবতহাটি গ্রামের আলাল। পুকুর ভরাটের বিষয়ে কথা বলার জন্য আসামিদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁদের সবার ঘরেই তালা।
মামলার এজাহারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উল্লেখ করেন, নিকলী উপজেলা সদরের নিকলী মৌজার ১ নম্বর খতিয়ানের ১৪৮৮ নম্বর দাগে নাগারছিহাটি ও কৈবতহাটি—এই দুই গ্রামের মাঝে ৬৯ শতাংশ জমিতে খাসপুকুর রয়েছে। ৭ থেকে ১০ অক্টোবর খননযন্ত্র (ড্রেজিং মেশিন) দিয়ে পুকুরটি বালু দিয়ে ভরাট করেন উল্লিখিত আসামিরা। খবর পেয়ে তিনি (আবদুল গফুর) উপসহকারী ভূমি কর্মকর্তা আবদুল মান্নান, অফিস সহায়ক আবুল হাসেম ও মাস্টাররোলে থাকা অফিস সহায়ক মিঠু কবিরকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় পুকুরের মাটি ভরাটে বাধা দিলে আসামিরা তাঁদের দায়িত্ব পালনে বাধা দেন এবং তাঁদের খুন করার হুমকি দেন। ঘটনাটি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে তাঁদের নির্দেশে ৬৯ শতাংশ পুকুরের চার কোনায় চারটি লাল নিশান ও একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয় এবং নিকলী থানায় একটি মামলা করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী বলেন, ‘ভাই, এই পুকুরটি মূলত একটি খাল। কালক্রমে এটি পুকুরে রূপান্তরিত হলেও সোয়াইজনি নদের সঙ্গে ড্রেনের মাধ্যমে সংযুক্ত। এটি দিয়ে আশপাশের চার-পাঁচটি গ্রামের পানি ও ময়লা-আবর্জনা নদীতে গিয়ে নামে। এটি ভরাট হওয়ায় কয়েক হাজার পরিবার দুর্ভোগে পড়বে।
নিকলী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন বলেন, ‘পুকুরটি আমার বাড়ির পাশে। এটি ভরাট হওয়ায় পুরো এলাকা দুর্গন্ধময় হয়ে উঠবে। আমি কেন ভরাটকারীদের সমর্থন করছি না, এই জন্য তাঁরা আমার ওপর ক্ষুব্ধ। নানা রকম মন্তব্যও করছে।’
নিকলী সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আবদুল গফুর বলেন, ‘পুকুর ভরাটকারীরা আমাকে খুন করার হুমকি দেওয়ায় আমি খুব ভয়ের মধ্যে আছি।’
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুঈদ চৌধুরী বলেন, সরকারি পুকুর ভরাটের অভিযোগে হওয়া মামলার আসামিরা পলাতক। তাই তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা বাজিতপুরের ইউএনও এ জেড এম সারজিল হাসান বলেন, ‘আমি ১৫ অক্টোবর ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই সময় এলাকার লোকজনকে বলেছি ১৫ দিনের মধ্যে খাসপুকুর থেকে মাটি সরিয়ে আগের অবস্থা ফিরিয়ে না দিলে শুধু থানায় মামলা কেন, খাস জায়গা উদ্ধার করার জন্য প্রয়োজনীয় আরও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’