বাধার মুখে খননকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ–কুন্দুইল সড়কের ওয়াপদাবাঁধসংলগ্ন কুন্দুলই খাল ভরাট করা হচ্ছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ–কুন্দুইল সড়কের ওয়াপদাবাঁধসংলগ্ন কুন্দুলই খাল ভরাট করা হচ্ছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

সিরাজগঞ্জের তাড়াশে সরকারি খাল দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। সরকারিভাবে দুটি খালের খনন শুরু হলেও প্রভাবশালী ব্যক্তিদের চাপের মুখে ১৫ দিন ধরে কাজ বন্ধ রয়েছে। ফলে চলনবিল-অধ্যুষিত তাড়াশ উপজেলার বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (জেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) চিঠি দেওয়া হয়েছে।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তাড়াশে সরকারি খাল ও বিভিন্ন কালভার্টের মুখ বন্ধ করে পুকুর খননসহ স্থাপনা নির্মাণ করায় ফসলি জমি কমে যাচ্ছে। জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী বাবুল আখতার জানান, জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পেতে বিগত বছরে ভদ্রাবতী নদীটি খনন করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হেদার ও নিমাইচড়া খাল দুটির খননকাজ শুরু করা হয়। এই প্রকল্পগুলো বিদেশি সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞ প্রকৌশলীরা জরিপ করে অনুমোদন দিয়েছেন। কিন্তু স্থানীয় কিছু লোক নিজেদের জমির মালিকানা দাবি করে খাল খননে বাধা দেন। ফলে ১৫ দিন ধরে খননকাজ বন্ধ রয়েছে। এ ছাড়া বাকি যেসব খাল ভরাট করা হয়েছে বা হচ্ছে, সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য দখলদারদের তালিকা তৈরি করা হচ্ছে।
উপজেলা প্রশাসন, এলাকাবাসী ও স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, চলনবিল-অধ্যুষিত তাড়াশ উপজেলায় ছোট-বড় মিলে ১৬টি নদী ও ২২টি খাল রয়েছে। এই নদী ও খাল দিয়ে চলনবিলের পানি নিষ্কাশন হয়ে থাকে। এই খালগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো হেদার খাল, কুন্দুইল, নিমাইচড়া, বেসানীর খাল, হক সাহেবের খাল, উলিপুর খাল, কিশোরখালী, সাঙ্গুয়া, দোবিলার খাল, বেহুলার খাড়ি, বাঁকাই খাল, গোহালা, গাঁঢ়াবাড়ী, বিদ্যাধার খাল, দারুখালী, বিলসূর্য, কুমারডাঙ্গা, কিনু সরকারের ধর, পানাউল্লাহর খাল, জানিগাছার জলা ও কাটেঙ্গার খাল। অধিকাংশ খাল তাড়াশ থেকে বারুহাস, রানীর হাট, মান্নাননগর, মহিষলুটি, নিমগাছী, কুন্দইল, সলঙ্গা, কাটাগাড়ী, শোলাপাড়া সড়কসংলগ্ন।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, পাঁচটি খালের প্রায় ৪০টি স্থানে প্রভাবশালী ব্যক্তিরা মাটি ভরাট করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ এবং পাঁচ-ছয়টি স্থানে পুকুর খনন শুরু করেছেন। অনেক স্থানে ভরাট সম্পন্ন হয়ে গেছে। ফলে খালগুলো দিয়ে পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাচ্ছে। যে দুটি খাল খননের কাজ চলছিল, তা বন্ধ রয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, চলতি অর্থবছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও ইফাদের অর্থায়নে এলজিইডি প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে হেদার খাল ও নিমাইচড়া খালের খননকাজ শুরু করেছে। স্থানীয় সাংসদ ফেব্রুয়ারি মাসে এ দুটি খালের খননকাজের উদ্বোধন করেন। খনন শুরুর পর প্রভাবশালী ব্যক্তিদের বাধার কারণে কাজ বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে এখন দুটি পক্ষের সৃষ্টি হয়েছে।
কৃষকদের মধ্যে তাড়াশ সদরের গুল্টা কলেজের প্রভাষক মোজাম্মেল হক, দিঘরিয়া গ্রামের সামসুল হক ও তালমের হাবিবুর রহমান বলেন, চলনবিলের শতভাগ বন্যার পানি এই দুটি খালের মাধ্যমে অন্যান্য খালে গিয়ে নেমে যায়। সম্প্রতি খাল দুটি ভরাট হয়ে যাওয়ায় পানি বের হতে পারছে না। এ কারণে প্রায় প্রতিবছরই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। খাল দুটি খনন করা হলে এই এলাকায় দু-তিন হাজার হেক্টর জমি তিন ফসলি জমিতে পরিণত হবে। স্থানীয় কিছু লোক জালিয়াতির মাধ্যমে বিভিন্ন খালের জমি দখল করে ভরাট করছেন। তাঁরাই খাল খননেও বাধা দিচ্ছেন।
কুন্দুই খালের দখলদার মো. মোনজেল হোসেন মাস্টার বলেন, ‘অনেকেই খাল ভরাট করছে। সেই কারণে আমিও ভরাট করছি। এখানে অনিয়ম কী হতে পারে?’
খননকাজে বাধাদানকারীদের মধ্যে বারুহাস ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোন্নাফ হোসেন বলেন, ‘খালের সব জায়গা সরকারি নয়। তা ছাড়া অনেক দিন ধরে আমরা এসব স্থানে সমতল জমি বানিয়ে আবাদ করছি। এখন যদি সমতল জমিতে খাল খনন করা হয়, তাহলে আমাদের অপূরণীয় ক্ষতি হবে। এ কারণে এলাকাবাসী বাধা দিয়েছে।’
বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন বলেন, সিএস রেকর্ডে নাম না থাকলেও অনেকেই আরএস রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন। এ কারণে অনেকেই খাল ভরাট করছেন। খননকাজ চলা খালেরও কিছু কিছু স্থানে এ ধরনের সমস্যা হচ্ছে। এলাকাবাসীর একটি অংশ এ খাল খননের বিপক্ষে অবস্থান নেওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, বিভিন্ন সড়কের পাশে খালগুলো অবস্থিত হওয়ায় দখলের পাঁয়তারা শুরু হয়েছে। এই খালগুলোর মালিক জেলা পরিষদ ও এলজিইডি কর্তৃপক্ষ। তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তা ছাড়া হেদার খাল খনন নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি বাধাদানকারীদের সঙ্গে আলোচনা করে কাজ করার প্রক্রিয়া চলছে।
সাংসদ ম ম আমজাদ হোসেন বলেন, প্রকল্পটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এলাকার জন্য আশীর্বাদ। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতেই প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রভাবশালী কয়েকজনের বাধার কারণে কাজটি বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানের জন্য আলোচনা চলছে।