বানারীপাড়ায় ছাত্রীর লাশ উদ্ধার, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বানারীপাড়া উপজেলায় নিখোঁজ হওয়ার দুদিন পর আয়শা আক্তার (১৪) নামের সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর লাশ খাল থেকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

আয়শা সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে ওই গ্রামের দুলাল লাহারির মেয়ে। আয়শা গতকাল মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, আয়শাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ খালে ফেলে দিয়ে গুম করার চেষ্টা করা হয়। এমন অভিযোগ ওঠার পর পুলিশ আজ দুপুরে আউয়ার গ্রামের প্রতিবেশী সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী হনুফা বেগম এবং তাঁদের দুই ছেলে সাব্বির হোসেন ও ফাহাদ হোসেনকে গ্রেপ্তার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আটক সিদ্দিক, তাঁর দুই ছেলে ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাঁরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় একটি সূত্র জানায়, আটক সিদ্দিক আয়শাকে হত্যার পর বাড়ির পাশের খালে ইটচাপা দিয়ে লাশটি গুম করে রেখেছিলেন। বিকেলে তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করার পর তাঁকে সঙ্গে নিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

আজ বেলা সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল।

মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, আয়শা গতকাল বিকেলে বাড়ির বাইরে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় সন্দেহ হলে প্রতিবেশী সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী হনুফা বেগম এবং তাঁদের দুই ছেলেকে আটক করে বানারীপাড়া থানার পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সিদ্দিকুর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী আজ বিকেলে আয়শার লাশটি আউয়ার খাল থেকে উদ্ধার করে পুলিশ। আয়শার পায়ে ইট বাঁধা ছিল।

ওসি শিশির কুমার পাল বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আয়শাকে হত্যা ও লাশ গুম করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।