বানিয়াচংয়ের ভাইস চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হওয়া নাশকতার মামলার দুটি অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। ইকবাল উত্তর-দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০-দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের ঘটনায় ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খানের বিরুদ্ধে ছয়টি মামলা হয়। এর মধ্যে নাশকতার দুটি মামলার অভিযোগপত্র সম্প্রতি আদালতে গৃহীত হলে গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
বানিয়াচংয়ের ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ভাইস চেয়ারম্যানের বেতন-ভাতাসহ সব ধরনের সুযোগ-সুবিধা বন্ধ রাখা হয়েছে।