বানিয়াচং থানা ঘেরাও করে যুব ও ছাত্রলীগের বিক্ষোভ
হবিগঞ্জের বানিয়াচং থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ভূমি কার্যালয়ের এক কর্মচারীকে মারধরের অভিযোগে করা মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করার প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি পালন করেন। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
ভূমি কার্যালয়ের কর্মচারীকে মারধরের অভিযোগে হওয়া মামলায় বানিয়াচং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাবুল মিয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ইশতিয়াক আহমেদকে গতকাল শুক্রবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। থানা ঘেরাও ও পুলিশের ওপর হামলার অভিযোগে গত বৃহস্পতিবার থানায় আরেকটি মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের নেতা ইশতিয়াক আহমেদ একটি কাজে যুবলীগ নেতা বাবুল মিয়াকে নিয়ে স্থানীয় ৫-৬ নম্বর ইউনিয়ন ভূমি কার্যালয়ে যান। এ সময় ভূমি কার্যালয়ের অফিস সহকারী আলী আখতারের সঙ্গে ওই কাজ নিয়ে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা আলী আখতারকে মারধর করেন। তাৎক্ষণিক বিষয়টি উপস্থিত লোকজন মীমাংসা করে দেন।
সন্ধ্যার পর বাবুল মিয়া ও ইশতিয়াক আহমেদ জানতে পারেন দুপুরের ঘটনায় তাঁদের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা হয়েছে। আলী আখতার এ মামলা করেছেন। বিষয়টি জানতে রাত ৮টার দিকে তাঁরা থানায় গেলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৮টার দিকে বানিয়াচং উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বানিয়াচং থানা ঘেরাও করেন। তাঁরা থানায় ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে থানার প্রধান ফটকে ধাক্কা দিতে শুরু করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়তে থাকে। এতে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে তাঁরা বানিয়াচং বড়বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।
যুবলীগ নেতা বাবুল মিয়া ও ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ গতকাল আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, আলী আখতার তাঁদের একটি ব্যক্তিগত কাজ আটকে রাখেন ঘুষের জন্য। এ নিয়ে তাঁর সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। পরে তাঁরা জানতে পারেন ওই কর্মচারী হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আবদুল মজিদ খানের ভাতিজা। পরে তাঁরা তাৎক্ষণিক বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করেন। এরপরও তিনি থানায় গিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।
ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করে আলী আখতার বলেন, একটি জমির খাজনা দিতে বাবুল ও ইশতিয়াক ভূমি কার্যালয়ে আসেন। ওই জমির পরচা চাইলে তাঁরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘বাবুল ও ইশতিয়াককে গ্রেপ্তার করার পর তাঁদের সমর্থকেরা থানায় হামলা চালায়। এই কারণে পুলিশ ১০-১২টি ফাঁকা গুলি ছোড়ে। সরকারি কাজে বাধা ও পুলিশ আক্রান্ত হওয়ার বিষয়ে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেন এসআই সাইফুল মোল্লা। বাবুল ও ইশতিয়াককে গতকাল দুপুরেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান বলেন, তুচ্ছ বিষয় নিয়ে ঘটনাটি বড় করা হয়েছে। প্রথম দিকেই বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়। এরপরও ওই কর্মচারী একটি বিশেষ মহলের ইন্ধনে থানায় মামলা করেন।