বানিয়াচংয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে চার পুলিশ আহত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুনই গ্রামে দুই পক্ষের মধ্যে চলা সংঘর্ষ থামাতে গিয়ে একজন এএসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার সংঘর্ষে অংশ নেওয়া লোকজন তাঁদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশ ৩৬ জনকে গ্রেপ্তার করেছে।
আহত চার পুলিশ সদস্য হলেন বানিয়াচং থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ কুমার দাস (৫০), কনস্টেবল মকলিছ মিয়া (২৫), মোজাম্মেল হক (২৩) ও মাহমুদুল হাসান (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বানিয়াচংয়ের খাগাউড়া ইউনিয়ন থেকে গুনই গ্রামের শাহ মসউদ কোরেশি ও কামরুজ্জামান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে দুজনই পরাজিত হন। পরাজয়ের জন্য তাঁরা একে অপরকে দায়ী করছেন। এ নিয়ে গতকাল দুটি পক্ষ পূর্বঘোষণা দিয়ে সংঘর্ষের জন্য প্রস্তুতি নেয়। পূর্বঘোষণা অনুযায়ী গতকাল সকাল আটটায় দুই পক্ষের লোকজন গুনই গ্রামে জড়ো হন। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। সংঘর্ষ থামাতে গেলে পুলিশের ওপর হামলা চালান উভয় পক্ষের লোকজন।