বানিয়ারচর হামলার বিচার দাবি

বোমা হামলায় ২০০১ সালে গোপালগঞ্জের বানিয়ারচরে গির্জায় বোমা হামলা এবং গত বছর নাটোরে একজনকে গলা কেটে হত্যার বিচারের দাবি জানিয়েছে খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি)। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও স্মরণসভা কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
কর্মসূচিতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, গোপালগঞ্জে বোমা হামলার কিছুদিন পর পাকিস্তানপ্রেমী বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে। ফলে এই হত্যাকাণ্ডের বিচার হয়নি। কিন্তু ২০০৯ সালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও সাত বছর কেটে গেছে। তারপরও কেন তদন্ত শেষ হয়নি? ধর্মীয় মৌলবাদীদের সঙ্গে আপসের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, জামায়াত-হেফাজতের মধ্যে কোনো পার্থক্য নেই। দুটি দলকেই উৎখাত করতে হবে। না হলে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হুমকির মুখে পড়বে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া বলেন, দেশকে যারা সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করতে চায়, তারাই খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে। ঘটনার ১৬ বছরেও বিচার না হওয়া দুঃখজনক। তিনি আরও বলেন, একটি হত্যার বিচার না হওয়া আরেকটি হত্যাকাণ্ডে প্ররোচনা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে তিনি সিএবির দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
সিএবির আহ্বায়ক আব্রাহাম গোমেজের সভাপতিত্বে মানববন্ধন ও স্মরণসভায় নাট্যব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, আইনজীবী সুব্রত চৌধুরী, সিএবির সদস্যসচিব উইলিয়াম প্রলয় সমদ্দার প্রমুখ বক্তব্য রাখেন।
২০০১ সালে বানিয়ারচরে উপাসনা চলার সময় বোমা হামলা হয়। এতে খ্রিষ্টধর্মাবলম্বী ১০ জন নিহত হয়েছিলেন।