বানেশ্বরে পাওয়া বোমা দুটি নিষ্ক্রিয় করল র্যাব
প্রায় ২১ ঘণ্টা পাহারায় রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে পাওয়া বোমা দুটি গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় র্যাবের বিশেষজ্ঞ দল নিষ্ক্রিয় করেছে।
র্যাব-৫-এর সহকারী পুলিশ সুপার তোফায়েল হোসেন জানান, ঢাকা থেকে তাঁদের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল সরঞ্জাম নিয়ে এসে দুটি বোমা নিষ্ক্রিয় করে। এ সময় বোমা দুটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ডিগ্রি কলেজসংলগ্ন আবদুল জলিলের কাঠের মিলের পাশে একটি ব্যাগের মধ্যে বোমা দুটি রাখা ছিল। তার ওপরে একটি কাঠের টুকরা দেওয়া ছিল।
গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কাঠমিলের একজন কর্মচারী প্রথমে ব্যাগটি দেখতে পান। তিনি ব্যাগের ওপর থেকে কাঠের টুকরাটি সরিয়ে ভেতরের বোমা দুটি দেখতে পান। এর সঙ্গে তারও জড়ানো রয়েছে দেখে তিনি চিৎকার দেন। তখন স্থানীয় লোকজন জড়ো হন। তাঁরা পুলিশকে খবর দেন। তারপর থেকে র্যাব-৫ ও পুলিশের একটি দল বোমা দুটি ঘিরে রাখে। তোফায়েল হোসেন জানান, রাজশাহীতে এ ধরনের বোমা নিষ্ক্রিয় করার মতো কোনো সরঞ্জাম ছিল না।