বান্দরবানে অপহৃত চার তামাকচাষি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি থেকে অপহৃত চার তামাকচাষিকে গতকাল শুক্রবার রাত ১১টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেছে। অপহরণ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে বলে আজ শনিবার সকালে জানিয়েছে পুলিশ।

উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী বাইশারি পুলিশ তদন্ত কেন্দ্রের প্রধান ও উপপরিদর্শক (এসআই) আবু মুসা জানিয়েছেন, অপহৃত তামাকচাষিদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি কয়েক দিন ধরে ব্যাপক অভিযান চালাচ্ছিল। একপর্যায়ে বিকাশে টাকা নেওয়ার সময় কক্সবাজার থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে বাইশারি ইউনিয়নের ১২ নম্বর রাবারবাগান এলাকায় যৌথ অভিযান চালানো হয়। সেখানে গহিন জঙ্গল থেকে অপহৃত আবদুল আজিজ (১৬), আবদুর রহিম (২৫), শাহ আলম (৪০) ও আবু সৈয়দকে (৪২) উদ্ধার করা হয়। তাঁদের সবার বাড়ি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইঙ্গা কাটা ও হিমছড়ি গ্রামে।

অপহরণকারীদের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তারা একটি সন্ত্রাসী চক্রের সদস্য।

উদ্ধার হওয়া শাহ আলমের ছেলে সাইফুল ইসলাম জানিয়েছেন, তাঁর বাবা এখনো পুলিশের কাছে রয়েছেন। অপহরণকারীদের টাকা দেওয়ার পর রাতে তাঁর বাবাকে ছেড়ে দেওয়া হয়েছে।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও থোয়াইঙ্গাকাটা গ্রামের বাসিন্দা আবদুল জব্বার বলেছেন, অপহৃত ব্যক্তিদের পরিবার থেকে অপহরণকারীদের টাকা দেওয়া হয়েছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন বলেছেন, পুলিশের অভিযানে অপহৃত তামাকচাষিদের উদ্ধার করা হয়েছে। মুক্তিপণ দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তবে উদ্ধার অভিযানে বিজিবি সহযোগিতা করেছে এবং তারা ছয়জনকে আটক করে পুলিশকে দিয়েছে। এ ছাড়া পুলিশ কক্সবাজার থেকে একজনকে আটক করেছে।