বান্দরবানে অস্ত্র, ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নসংলগ্ন উদালবনিয়া (রাঙ্গুনিয়ার সীমানায় পড়েছে) এলাকা থেকে অস্ত্র, ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
ডিবি জানায়, গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াছ ওরফে ইয়াবা বুলু একাধিক মামলার আসামি। তাঁর নামে একটি সন্ত্রাসী বাহিনীও রয়েছে। বুলুকে গ্রেপ্তার করতে গেলে তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে। এতে ডিবির দুই সদস্য আহত হয়েছেন।
গতকাল শুক্রবার বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) মঞ্জুরুল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন ইয়াবা বুলু বান্দরবান জেলার শহরতলি এলাকায় ইয়াবার চালান নিতে আসবেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা বুলু বাহিনীকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে বুলুর সহযোগীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ডিবির দুই সদস্য আহত হন। পরে রাজবিলাসংলগ্ন বুলুর আস্তানা তাঁরা ঘিরে ফেলেন। এ সময় ইয়াবা বুলু (৩২) ও মোহাম্মদ রুবেলকে (২২) পিস্তল, গুলিসহ গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়।
রাজবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্যচিংশৈ মারমা বলেন, বুলু বাহিনীর অত্যচার-নির্যাতনে পদুয়া, বান্দরবানের রাজবিলা, কুহালং ও রাঙামাটির বাঙালহালিয়া ইউনিয়নের মানুষ আতঙ্কে রয়েছে। তাঁকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, বৃহস্পতিবার রাতের ঘটনায় বুলু ও তাঁর সহযোগীর বিরুদ্ধে অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধাদানের জন্য দুটি মামলা হয়েছে।